মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজ নানা সংকটে
২৪ জন শিক্ষকের শূন্যপদ পূরণ, নতুন কিছু বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু, নতুন ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থাসহ নানা সংকটের আবর্তে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে। এসব সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার মানববন্ধন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন ও স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপি ও কলেজ সূত্রে জানা গেছে, ইংরেজি ও পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকের তিনটি করে পদ শূন্য রয়েছে। ইতিহাস, অর্থনীতি, ব্যবস্থাপনা, প্রাণিবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগে দুটি করে পদ শূন্য। বাংলা, গণিত, রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, হিসাববিজ্ঞান এবং ক্রীড়া বিভাগে একটি করে পদ শূন্য রয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল স্বাক্ষরিত আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ভবন, বিজ্ঞান ও বাণিজ্য, প্রফেসর লজ, অডিটরিয়াম, ছাত্র ও ছাত্রী হোস্টেলের জন্য নতুন ভবন, গ্রন্থাগার ভবন নির্মাণ, পুরোনো পুকুর সংস্কার ও ঘাট বাঁধানো এবং অসমাপ্ত সীমানাপ্রাচীর নির্মাণ জরুরি।উচ্চমাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা, ভূগোল, কৃষি, সাচিবিকবিদ্যা ও সমাজকল্যাণ বিষয় চালু এবং স্নাতক পর্যায়ে অর্থনীতি, রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, ইসলামী শিক্ষা বিষয়ে অনার্স কোর্স চালুর দাবি করা হয়।এ ছাড়া কলেজে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি সরকারীকরণ, প্রতি বিভাগের একজন করে এলএমএসএস পদ সৃষ্টি এবং বেঞ্চ, চেয়ার, টেবিল, ফ্যান, আলমারি, আসবাবপত্রসহ নতুন ভবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।কলেজের ছাত্র সংসদের ভিপি শাহাদাতুল্লাহ সরদার জানান, শিক্ষার্থীরা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে। এত সংকট নিয়ে শিক্ষার্থীদের ঠিকমতো লেখাপড়া করা দুঃসাধ্য হয়ে পড়েছে। আমরা বিভিন্ন দাবি সংবলিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছি।কলেজের অধ্যক্ষ দানেশ মিয়া বলেন, ‘বিভিন্ন যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করছে; স্মারকলিপি দিচ্ছে। ৬৪ জন শিক্ষকের মধ্যে ২৪ জন শিক্ষকের পদই খালি। এসব বিষয় নিয়ে আমরা মন্ত্রণালয়ে বারবার যাচ্ছি। কিন্তু কাজকর্ম তেমন সামনের দিকে এগোচ্ছে না। তার পরও দেখি কী করা যায়।’