মাদিবার জন্য
তৃতীয় আফ্রিকান দেশ হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলা ঘানার খেলোয়াড়েরা দেশে ফিরে পেলেন বিপুল অর্থ পুরস্কার, সম্মান আর প্রশংসা। অথচ তাঁরা সবাই একবাক্যে বললেন, পুরস্কার নয়, সম্মান নয়; বিশ্বকাপে তাঁদের জীবনের সেরা পাওয়া—কাছ থেকে নেলসন ম্যান্ডেলাকে দেখা।মোটেও অতিকথন নয়। বিশ্বের অধিকাংশ মানুষের কাছে সম্ভবত তাঁকে দেখতে পাওয়াটাই এখন এক বিশাল পাওয়া। বিশ্ব ফুটবলে বড় কোনো শক্তি না হয়েও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আয়োজক হওয়ায় বড় ভূমিকা ছিল নেলসন ম্যান্ডেলার। কিন্তু বিশ্বকাপের দুর্ভাগ্য। শুরুতে সঙ্গ পাওয়া হলো না ম্যান্ডেলার। বয়স হয়ে গেছে ৯২। তার ওপর উদ্বোধনী অনুষ্ঠানের এক দিন আগে বিরাট এক ধাক্কা সইতে হলো তাঁকে। কনসার্ট দেখে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো ম্যান্ডেলার নাতির মেয়ের। এই শোকে এলেন না উদ্বোধনী অনুষ্ঠানে। রং ঝলমল সেই আয়োজনও কেমন যেন বর্ণহীন হয়ে রইল। আসবেন কি আসবেন না, দোলাচলে থেকে শেষ পর্যন্ত সমাপনী অনুষ্ঠানে এলেন মাদিবা। এক মাসের এত আয়োজন যেন পূর্ণতা পেল। কালো রংটা যে এত রঙিন, কে জানত!