মাদিবার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা নেই কওয়া নেই বিশাল স্টেডিয়ামটায় ঝুপ করে নামল অন্ধকার। এই সাজানো অন্ধকার তীব্র আলোকরশ্মিকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। স্থানীয় ব্যান্ড ফ্রেশলি গ্রাউন্ডের সঙ্গে মঞ্চে এলেন শাকিরা। গাইলেন সেই দুনিয়া-কাঁপানো গান, ‘ওয়াকা, ওয়াকা...’—এখন সময় আফ্রিকার। শাকিরার কণ্ঠ-মাধুর্য ঝরে পড়ে গোটা স্টেডিয়ামে, মানুষ উদ্বেল হয়। শাকিরার নৃত্যায়ত শরীর ঢেউ তোলে আর স্টেডিয়ামে আনন্দের প্রপাত বয়ে যায়। তারপর লেজারের তীব্র ঝলকানি, তারপর চারদিক আলো করে আকাশে ফেটে পড়া আতশবাজির। একটি বিশ্বকাপ ফুটবলের বিদায় মানে শ্রেষ্ঠকে বরমাল্য পরানোর মুহূর্ত, বিশ্বকাপের বিদায় মানে আগামী চার বছরের জন্য পৃথিবীর রং ফুটবলের রং হয়ে যাওয়া। এই দিন এই সন্ধ্যাটিকে কল্পনার সব রং দিয়েই তো এঁকে রাখা উচিত। দক্ষিণ আফ্রিকা ১১ জুলাই, ২০১০ তারিখটিকে কল্পনার সবটুকু রং মিশিয়ে ধরে রাখল।কিন্তু তার পরও অতৃপ্তির ছোপ ছোপ রং তার মধ্যে ছায়া ফেলছিল। কোথায় তিনি? তিনি কি তাহলে আসবেনই না! তখনই মাইকে ঘোষণা। তিনি আসছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকাকে নতুন জীবন দেওয়া নেলসন ম্যান্ডেলা আসছেন। সাঁই করে ছোট্ট একটা কার্ট ঢুকল স্টেডিয়ামে। হ্যাঁ, ওই তো তিনি। কার্টের পেছনে বসে আছেন, হাত নাড়ছেন। তাঁকে আঁকড়ে রেখেছেন স্ত্রী গ্রাসা মাচেল। ৯২ বছর বয়স। শরীরে বাসা বেঁধেছে বার্ধক্য। মাঝেমধ্যে বোবা দৃষ্টি মেলে তাকাচ্ছেন গ্যালারির জনসমুদ্রে। রোবেন দ্বীপের কারাগারে ২৭টি বছর কাটিয়ে মুক্ত ম্যান্ডেলা এই স্টেডিয়ামেই প্রথম ভিজেছিলেন মানুষের ভালোবাসায়। তখন প্রায় সবাই ছিল কালো মানুষ। কিন্তু এখানে তো এখন সাদা-কালো-মিশ্র বর্ণের সমাহার। বিশ্বকাপ পৃথিবীর সব প্রান্তের মানুষকে মিলিয়ে দিয়েছে সকার সিটি স্টেডিয়ামে। যিনি বর্ণবাদের আদিম গন্ধ মুছে ফেলে একটি দেশে ‘রংধনু’র রং ছড়াতে পারেন, তাঁকে তো শ্রদ্ধার ফুল দেবে এই বিশ্বসভাই।‘মাদিবা’ ‘মাদিবা’ হর্ষধ্বনি ভেসে আসছে। কিন্তু তিনি হাত তুলতে পারছেন না। গ্রাসা মাচেল পরম মমতায় তাঁর একটা হাত নিয়ে দোলাচ্ছেন। কার্টটা ঘুরল বৃত্তাকারে। যে পথ দিয়ে ওটা এসেছিল, সেই পথের প্রান্তেই গিয়ে পৌঁছাল। সাংবাদিক গ্যালারির ‘এল’ সারির ১ নম্বর সিটে বসে ছিলাম আমি। পেছনে তাকিয়ে দেখি বুসি চোঙ্কো নামের স্বেচ্ছাসেবক কালো মেয়েটির চোখে জল। একটু সামনে দৃষ্টি ফেলে দেখি পিটার গ্যারেথ নামের শ্বেতাঙ্গ স্বেচ্ছাসেবক যুবকটি চোখ মুছছেন। সমাপনী অনুষ্ঠান তখন শেষ। কাছে যেতে পিটার বললেন, ‘আমি জানি না, মাদিবাকে শেষবারের মতো জনসমক্ষে দেখে ফেললাম কি না!’মাদিবা যে এখনো দক্ষিণ আফ্রিকার কাছে কতটা ভালোবাসার, সেটি বুঝেছি দেশটিতে ৫ জুন পা রাখার পরই। মাদিবা দুর্বল শরীর নিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারবেন কি না, তা নিয়ে সর্বত্রই জল্পনা-কল্পনা। ফিফা সভাপতি, ফিফা মহাসচিব বারবার দূত পাঠাচ্ছেন তাঁর কাছে। যাঁর জন্য বিশ্বকাপ এল আফ্রিকায়, তাঁকে থাকতেই হবে উদ্বোধনী অনুষ্ঠানে। অবশেষে জানা গেল তিনি আসবেন, দক্ষিণ আফ্রিকা দলকে জানাবেন শুভকামনা, জনতাকে জানাবেন শুভেচ্ছা।কিন্তু হঠাৎ এক খণ্ড দুর্ভাগ্যের কালো মেঘ উড়ে এল। ১০ জুন সোয়েটো থেকে বিশ্বকাপের স্বাগত অনুষ্ঠান দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেল ম্যান্ডেলার নাতনির ১৩ বছর বয়সী মেয়ে জেনানি ম্যান্ডেলা। এরপর মাদিবা আর স্টেডিয়ামে আসেন কী করে! শীতার্ত বিশ্বকাপ হয়ে পড়ল শোকার্ত। আকাশে-বাতাসে আনন্দধ্বনির মধ্যেও বাজতে থাকল একটা করুণ রাগিণী। এক মাস পর শোকটাকে সয়ে এলেন হঠাৎ করেই। এটা ছিল প্রায় অপ্রত্যাশিত। তাই বিশ্বকাপ ফাইনালের দিন মাদিবাকে দেখে মানুষ উদ্বেল হলো আনন্দে, সুখের মতো ব্যথায় ঝরাল অশ্রু। বিশ্বকাপ ফুটবলের সঙ্গে বড় যান্ত্রিকভাবে যেন ফ্রেমবন্দী হলো আনন্দ আর কান্না। বিশ্বকাপ মানে একদিকে আনন্দ, অন্যদিকে বেদনা। একদিকে প্রাপ্তি, অন্যদিকে হাহাকার। পরাজিত হল্যান্ডের ওয়েসলি স্নাইডারের অন্যলোকে তাকিয়ে থাকা জলভরা দুটি চোখ আপনি ভুলে যেতে পারেন না। বিজয়ী স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের দুহাতে মুখ ঢেকে কান্নার ছবিটিও আপনার স্মৃতির ফ্রেম থেকে সরে যেতে পারে না।