মাদুরোকে বৈধ বলে মানবে না যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রয়াত বিপ্লবী নেতা হুগো চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরোকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, গত রোববার ভেনেজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বৈধ বলে মেনে নিতে এখনো প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। খবর বিবিসি অনলাইনের।চাভেজের মৃত্যুর পর প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় ১৪ এপ্রিল ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী হেনরিক ক্যাপরিলেসকে খুব অল্প ব্যবধানে হারান চাভেজের উত্তরসূরি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী নিকোলা মাদুরো। নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলেন ক্যাপরিলেস। তিনি পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। এ দাবির আইনগত কোনো ভিত্তি নেই বলে নাকচ করে দেন দেশটির নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্ট।ক্যাপরিলেসের ভোট গণনার দাবিকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে জন কেরি বলেন, ‘নির্বাচনে বড় ধরনের অনিয়মের অভিযোগ থাকলে সরকারের বৈধতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’