মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজারে কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ হচ্ছে। মাদ্রাসায় জমিদানকারী তাঁদের উত্তরসূরি অভিভাবক, শিক্ষানুরাগী এলাকাবাসী প্রায় দিন বাজারে মিছিল প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে। মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমানের বিরুদ্ধে মাদ্রাসার জমি, বাগানের গাছ, জমি লিজের টাকা, শিক্ষক নিয়োগ বাণিজ্য, মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি ও অর্থ আত্মসাতের গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগপত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, অধ্যক্ষ আনিছুর রহমান মাদ্রাসার নামে কাচনা মৌজার দুটি বাগানের গাছ বেআইনিভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। অধ্যক্ষ মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি বর্তমান এডহক কমিটির সদস্য শাহাদৎ হোসেনের যোগসাজশে মাদ্রাসার জমি লিজের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের অজ্ঞাতে শাহাদৎ হোসেনকে সভাপতি করার পাঁয়তারা করছেন। এ ছাড়া একই পদে একাধিক প্রার্থীর কাছ থেকে অনুদানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেনে। সংশ্লিষ্ট আয়মারসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা জানান, অধ্যক্ষ আনিছুর রহমান উৎকচ নিয়ে মাদ্রাসার জমি লিজ দিয়ে থাকেন। লিজ ভোক্তারা তাঁর কাছে উৎকোচ নেওয়ার অভিযোগ করেছেন। কাঁচনা গ্রামের সানোয়ার হোসেন বলেন, তাঁর গ্রামের মাদ্রাসার নামে দুটি বাগান থেকে ৮০-৯০টি গাছ নিয়ম বহির্ভূতভাবে অধ্যক্ষ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। কড়িয়া বাজারে ব্যবসায়ী রুবেল আলী জানান, একই জমি কেনার জন্য তঁর বাবা ও তঁকে পাঁচার টাকা উৎকোচসহ দুবার টাকা দিতে হয়েছে। কাঁচনা গ্রামের মাদ্রাসায় জমিদাতা মৃত আমেজানের মেয়ে আনোয়ারা জানান, জমি লিজ নেওয়ার জন্য ঘুষ না দেওয়ায় এক বছর আগে জমি কেড়ে নেওয়া হয়েছে। মাদ্রাসার সাবেক ক্বারি মো. আবদুল জোব্বার অভিযোগ করেন, ২০০০ সালে তিনি অবসর গ্রহণ করলেও পাঁচ বছর সাড়ে সাত মাসের বেতন অধ্যক্ষ আনিছুর রহমান এখনো তাঁকে দেননি। কড়িয়া বাজারের ব্যবসায়ী রেজাউল করিম সাবেক শিক্ষক আজাহার উদ্দিন জানান, ৬ অক্টোবর অধ্যক্ষের অপসারণের দাবিতে কড়িয়া বাজারে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই দিন থেকে প্রায় প্রতিদিন অধ্যক্ষের অপসারণের দাবিতে বাজারে মিছিল অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ আনিছুর রহমানের দেখা পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মাদ্রাসা সহকারী অধ্যক্ষ জানান, অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা বোর্ড জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে গণস্বাক্ষরিত অভিযোগ পাঠানো হয়েছে। পাঁচবিবি নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলমের সঙ্গে কথা বললে তিনি অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করেন।