মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের মিছিলে লাঠিপেটা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বৈষম্যমূলক শর্ত বাতিলের দাবিতে আজ শুক্রবার মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদ নামের একটি সংগঠন মিছিল বের করে। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সংগঠনটির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া পাঁচজন শিবিরের কর্মী।গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন মহিউদ্দিন মাসুম (২৫), রফিকুল ইসলাম (২৫), মাজেদুল ইসলাম (১৭), হাবিবুর রহমান (২৪) ও সালাউদ্দিন (২৩)।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সংগঠনটির প্রায় আড়াই শ নেতা-কর্মী বিকেল চারটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল বের করে। তারা শর্ত বাতিল ও সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সড়কে এসে যানবাহন ভাঙচুর করা শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মিছিলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ভাঙচুরের অভিযোগে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।এসআই বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজন শিবিরের কর্মী। জামায়াত-শিবিরের সংগঠনের ব্যানারে প্রকাশ্যে মিছিল করতে না পেরে অন্য সংগঠনের ব্যানারে মিছিল করছিল তারা। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।এদিকে আজ এক বিবৃতিতে মিছিলে পুলিশি হামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। ভর্তি-বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।