মাদ্রাসা-ছাত্রদের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবি ইসলামি ঐক্যপরিষদের
সর্বদলীয় ইসলামি ঐক্যপরিষদ মাদ্রাসার ছাত্রদের ওপর পুলিশের নজরদারি ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও সর্বদলীয় ইসলামি ঐক্যপরিষদের সভাপতি আহমদ সুফিসহ হরতালের দিন যেসব আলেম-ওলামার বিরুদ্ধে মামলা হয়েছে, সে মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামি ঐক্যপরিষদ।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ইসলামি ঐক্যপরিষদের সদস্যসচিব আশরাফ আলী এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচিরও হুমকি দেন তিনি।আশরাফ আলী বলেন, ৭২ ঘণ্টার মধ্যে যদি হরতালের আগে-পরে আটক করা বন্দীদের নিঃশর্ত মুক্তি ও আহমদ সুফির মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসব কর্মসূচির মধ্যে আছে স্বেচ্ছায় কারাবরণ, দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ এবং ২৭ এপ্রিল মহাসমাবেশ।এ ছাড়া সর্বদলীয় ইসলামি ঐক্যপরিষদ নারীনীতি, শিক্ষানীতি ও ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় বাতিলেরও দাবি জানিয়েছে।