মাদ্রাসা থেকে উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুর সদর উপজেলার দুটি মাদ্রাসার বিরুদ্ধে। ব্যাংক থেকে টাকা তোলার পর ২০০ থেকে ৩০০ করে টাকা প্রতিষ্ঠানের খরচের কথা বলে রেখে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ও বগাদি বালিকা দাখিল মাদ্রাসার ১৩০ জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা কম দেওয়া হয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সরকার বছরে দুই কিস্তিতে উপবৃত্তির টাকা প্রদান করে। বছরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পায় ১২০০ টাকা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ১৫৬০, নবম শ্রেণীর শিক্ষার্থীরা দুই হাজার ৪০ ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা পায় দুই হাজার ৪০০ টাকা। চিকন্দী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৮৫ জন শিক্ষার্থী ও বগাদি বালিকা দাখিল মাদ্রাসার ৪৫ জন শিক্ষার্থীর বছরের প্রথম কিস্তির টাকা থেকে যথাক্রমে ২০০ ও ৩০০ টাকা করে রেখে দিয়েছে। শরীয়তপুর সদরের অগ্রণী ব্যাংক ও সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিরা মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীর হাতে টাকা পৌঁছে দিয়েছে।চিকন্দী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী নিপা আক্তার ও লিয়াকত জানায়, ব্যাংক থেকে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার পর ৩০০ টাকা করে মাদ্রাসার খরচের কথা বলে রেখে দিয়েছে। বগাদি বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শামীমা ও ফাতেমা জানায়, মাদ্রসার অন্য ছাত্রীদের দেওয়ার কথা বলে তাদের টাকা কম দেওয়া হয়েছে। ব্যাংকের লোকের কাছে তারা কাগজে স্বাক্ষর করেছে। কিন্তু টাকা উত্তোলন করেছেন মাদ্রাসার শিক্ষকেরা। পরে তাদের মধ্যে টাকা বিতরণ করা হয়েছে। বগাদি বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবদুস সোবাহান বলেন, ‘আমরা উপবৃত্তির জন্য শিক্ষা অফিসে তালিকা পাঠিয়েছি ৬৫ জনের। কিন্তু উপবৃত্তি দেওয়া হয়েছে ৪৫ জনকে। তাই এই ৪৫ জনের টাকা থেকে রেখে অন্য শিক্ষার্থীদের কিছু টাকা দেওয়া হয়েছে।’চিকন্দী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কুদ্দুস সিদ্দিকি বলেন, ‘উপবৃত্তির প্রক্রিয়া করতে আমাদের প্রতিষ্ঠানের কিছু টাকা খরচ হয়েছে। তা ছাড়া উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কিছু টাকা রেখে অন্য শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে।’ শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকসেদুল ইসলাম বলেন, ‘কোনো শিক্ষার্থীর উপবৃত্তির টাকা কেউ কেটে রাখতে পারবে না। একজনের টাকা থেকে অন্য জনকে দেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’