মাদ্রাসা মাঠে নিয়মিত বসে গরু-ছাগলের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গি ঈমান উদ্দিন আলিম মাদ্রাসার মাঠে সপ্তাহে দুই দিন (শনি ও বুধবার) গরু-ছাগলের হাট বসছে। দীর্ঘদিন ধরেই চলে আসছে এ অবস্থা। হাটের দিন দুপুরের আগেই শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। শিক্ষকদের অভিযোগ, হাট সরিয়ে নিতে প্রশাসনকে বারবার বলা হলেও কাজ হয়নি। উল্টো মাদ্রাসার অর্ধেক জমি হাটের নামে নথিভুক্ত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৫ সালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ঈমান উদ্দিন চৌধুরী মাদ্রাসার নামে ৯৫ শতাংশ জমি দান করেন। এরপর ১৯৭৯ সালে তাঁর সন্তানেরা মাদ্রাসার নামে আরও ৯৫ শতাংশ জমি দান করেন। এ জমিই এতদিন মাদ্রাসার দখলে থাকলেও কয়েক বছর আগে স্থানীয় ভূমি দপ্তর প্রায় ৯০ শতাংশ জমি হাটচান্দাির নামে নথিভুক্ত করে। খোঁজ নিয়ে জানা যায়, মাদ্রাসায় এবতেদায়ি, দাখিল ও আলিম পর্যায়ে প্রায় সোয়া চার শ শিক্ষার্থী আছে। এর মধ্যে এবতেদায়ি ১৮২, দাখিল ২০৩ ও আলিম পর্যায়ে ৩৩ জন শিক্ষার্থী। সকাল ও বিকেল দুই বেলা ক্লাস হয়। মাদ্রাসার প্রভাষক নূরুজ্জামান ও লিয়াকত আলী বলেন, সপ্তাহে দুই দিন মাঠে হাট বসায় শিক্ষাদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাটের দিন দুপুরের আগেই গরু-ছাগলে মাঠ ভরে যায়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় করতে থাকে। বর্ষা মৌসুমে মাদ্রাসার বারান্দায় লোকজন গরু-ছাগল ওঠায়। বৃষ্টি হলে ঘরের ভেতরও গরু-ছাগল ঢোকায়। এতে টেবিল-চেয়ার ও বেঞ্চ নষ্ট হয়। গরু-ছাগলের মল-মূত্রের দুর্গন্ধে পরের দিনও ক্লাস করা মুশকিল হয়ে পড়ে। হাটের পরের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। পরীক্ষা চলার সময় সমস্যা প্রকট আকার ধারণ করে। সকাল আটটা থেকে পরীক্ষা শুরু করতে হয়। মাদ্রাসা শিক্ষার্থী মাসুদ রানা, নাজমুল হক, মোশরেফা ও গোলাপী জানায়, হাটের দিন গরু-ছাগলের ভিড়ে চলাচল করা যায় না। হাটে গরু নিয়ে আসা মানুষ বারান্দায় বসে বিড়ি-সিগারেট খায়। এ জন্য তারা হাটের দিন মাদ্রাসায় আসে না। অধ্যক্ষ মো. জালাল উদ্দিন বলেন, মাদ্রাসার মোট এক একর ৯০ শতাংশ জমির মধ্যে অর্ধেক জমি হাটের নামে নথিভুক্ত করা হয়েছে। মাদ্রাসাকে অবহিত না করেই ভূমি দপ্তর সেটা করেছে। ছয় মাস আগে জমির খাজনা দিতে গেলে ইউনিয়ন ভূমি অফিস সব জমির খাজনা নিতে অস্বীকৃতি জানায়। তখন আমরা মাদ্রাসার জমি হাটচান্দিনার নামে নথিভুক্ত হয়েছে বলে জানতে পারি। অধ্যক্ষ আরও বলেন, প্রশাসনকে অনেকবার হাট সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয় না। উল্টো প্রশাসন মাদ্রাসার জমি হাটের নামে নথিভুক্ত করেছে। মাদ্রাসার ক্ষতির কারণে হাট ইজারাদার বছরে ২০ হাজার টাকা দিতে চায়। সেটাও অনেক সময় পাওয়া যায় না। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) একেএম সারোয়ার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গরু-ছাগলের হাট বসানো ঠিক নয়। মাদ্রাসার জমি হাটচান্দিনার নামে নথিভুক্তির ব্যাপারে বলেন, বিষয়টি আমার জানা নেই।তবে সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সম্পত্তি অধিগ্রহণ করতে পারে। তিনি সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষকে তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।