মাদ্রাসা শিক্ষার ব্যাপারে সরকারকে সহায়তা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বর্তমান সরকারের পরিকল্পনায় সহায়তা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। উইকিলিকসে ফাঁস হওয়া গোপন তারবার্তা থেকে গতকাল মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’।গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত উইকিলিকসের গোপন তারবার্তায় দেখা যায়, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা আধুনিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দেশ দুটির দুই উন্নয়ন সংস্থা ইউএসএইড ও ডিএফআইডির মাধ্যমে বর্তমান সরকারের মাদ্রাসা শিক্ষাক্রম আধুনিক করার পরিকল্পনায় সহায়তা দিতে একমত হয়েছিল। এর ফলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস মাদ্রাসা শিক্ষা কার্যক্রম আধুনিক করার একটি প্রস্তাবনাও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিল।উইকিলিকসের তারবার্তায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ত্রুটির কথাও বেরিয়ে এসেছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিভেন ইভানস নিজ নিজ দেশের সরকারকে জানানোর ব্যাপারেও একমত পোষণ করেন। শুধু তা-ই নয়, ঢাকা বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিমানবন্দরে অবতরণ করা বিভিন্ন দেশের বিমান সংস্থা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা উন্নতির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও তাঁরা একমত পোষণ করেন।