মাদ্রাসা শিক্ষার সংস্কার নিয়ে কাজ করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মাদ্রাসাশিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন আনতে একসঙ্গে কাজ করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয় তারা। ফাঁস হওয়া গোপন মার্কিন কূটনৈতিক বার্তা থেকে এ তথ্য জানা গেছে।ভিন্নধারার সংবাদমাধ্যম উইকিলিকস এসব বার্তা ফাঁস করে। গত মঙ্গলবার প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এ-সংক্রান্ত খবর প্রকাশ করে।যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের সরকারি সাহায্য সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) বাংলাদেশের কয়েক হাজার মাদ্রাসার পাঠ্যসূচিতে পরিবর্তন আনার উদ্যোগ নেয়। সন্ত্রাসবিরোধী কার্যক্রমে একই ধরনের লক্ষ্য থেকে এই উদ্যোগ নেয় তারা।এ-সম্পর্কিত একটি গোপন কূটনৈতিক বার্তা থেকে কীভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার বাংলাদেশে তাদের সন্ত্রাসবিরোধী কৌশল বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে নেয়, তা জানা গেছে। এক বার্তায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, ‘সন্ত্রাসবিরোধী এক বৈঠকে ঢাকায় মার্কিন দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা আমাদের উদ্যোগগুলো পর্যালোচনা করেন। বাংলাদেশে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকা কওমি মাদ্রাসাগুলোর পাঠ্যক্রম সংস্কারের বিষয়টি সামনে তুলে আনার বিষয়ে একমত হই আমরা। এ ছাড়া বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কারে যে অপরিহার্য বিষয়গুলোতে সহযোগিতার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার, তা চিহ্নিত করা হয়।’বাংলাদেশের মাদ্রাসাগুলোর জন্য একটি আদর্শ পাঠ্যক্রম তৈরি ও প্রয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে দেওয়া হবে, তা দুই দেশের সমন্বিত পরিকল্পনায় আছে বলে বার্তায় জানান মরিয়ার্টি।মাদ্রাসার পাঠ্যক্রম উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের সরকারি উন্নয়ন সংস্থা ইউএসএআইডির দেওয়া এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।এ ব্যাপারে উইকিলিকসের ফাঁস করা বার্তা থেকে জানা গেছে, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স ও মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টির নেতৃত্বে দুই দূতাবাসের প্রতিনিধিদের মধ্যে সন্ত্রাসবিরোধী কৌশল নিয়ে বৈঠক হয় গত ১৩ মে। বৈঠকে স্টিফেন ইভান্স বলেন, ব্রিটেন ও বাংলাদেশের সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের উদ্বোধনী বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়নের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।দক্ষিণ এশিয়ায় মুসলিম যুবসমাজকে চরমপন্থী হওয়া থেকে রক্ষার পদক্ষেপ হিসেবে ডিএফআইডি এ ধরনের উদ্যোগ নেয়—এমন ধারণার সঙ্গে একমত পোষণ করে লন্ডনের মুসলিম ইনস্টিটিউটের গিয়াসউদ্দিন সিদ্দিক বলেন, এটা অনেক পুরোনো সমস্যা। অনেক আগেই অনিয়ন্ত্রিত মাদ্রাসাগুলোর পাঠ্যক্রমের দিকে নজর দেওয়া উচিত ছিল।ডিএফআইডি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রায় ৬৪ হাজার মাদ্রাসা রয়েছে। যেসব অভিভাবক সন্তানদের শিক্ষার জন্য প্রথাগত বিদ্যালয়ে পাঠাতে পারেন না, তাঁদের সন্তানেরা প্রায় বিনা মূল্যে মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ পায়। প্রায় ১৫ হাজার কওমি মাদ্রাসা বর্তমান সরকারের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। এসব মাদ্রাসায় অন্যগুলোর তুলনায় শিক্ষার গড় মান ভালো নয়। মাদ্রাসার বিরুদ্ধে সন্তানদের চরমপন্থী করে তোলার অভিযোগও তুলেছেন কেউ কেউ।ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর মাদ্রাসায় ঘাঁটি গাড়ছে—এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মাদ্রাসায় অর্থের উৎস তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।