মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গুলি আ.লীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে হেফাজতে ইসলামের সমর্থক মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আওয়ামী লীগের কর্মী শহীদুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ছাড়া ছররা গুলিতে আহত হয়েছেন চারজন।আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের দাবি, পুলিশ শহীদুলকে মারধর এবং খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কামরাঙ্গীরচর আশরাফাবাদ চার রাস্তার মোড়ে আওয়ামী লীগের লংমার্চবিরোধী সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা আসছিলেন। এর ৫০০ গজের মধ্যে এক দিকে কামরাঙ্গীরচর থানা, আরেক দিকে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা (হাফেজ্জী হুজুরের মাদ্রাসা বলে পরিচিত)। বিকেল পাঁচটার দিকে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই সংঘর্ষে গুলিবিদ্ধ মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে শহীদুলকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর বাঁ পাঁজরের নিচে গভীর ক্ষত রয়েছে। গুলিতে আহত অন্য চারজন হলেন ছাত্রলীগের কর্মী ইকবাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খান, পথচারী বজলু মিয়া বাবুর্চি ও নুরুল ইসলাম।কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার বলেন, মহানগর আওয়ামী লীগের পূর্বঘোষণা অনুযায়ী সেখানে একটি সমাবেশের জন্য নেতা-কর্মীরা জমায়েত হচ্ছিলেন। এর মধ্যেই মাদ্রাসারছাত্ররা ইটপাটকেল নিক্ষেপ করেন।৫৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মফিজউদ্দীন শহীদুলকে ঢাকা মেডিকেলে আনেন। তিনি বলেন, সমাবেশস্থলের দিকে আসা মিছিলে মাদ্রাসাছাত্ররা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।তবে ওই মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আহমাদুল্লাহ আশরাফ অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। মাদ্রাসা লক্ষ্য করে ছোড়া পাঁচটি ককটেলের মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। তিনি দাবি করেন, হামলায় হেফাজতে ইসলামের ৩০ কর্মী (ছাত্র) আহত হয়েছেন ও তিনজন নিখোঁজ রয়েছেন।মাদ্রাসার উপাধ্যক্ষ সুলতান মহিউদ্দীন বলেন, মাদ্রাসার পাশের একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।‘পুলিশ শহীদুলকে কাছ থেকে গুলি করে’: সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। এ সময় আহত ইকবাল আইন প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন, ‘আমি এত কইলাম, আমি ছাত্রলীগ করি। তাও পুলিশ আমারে ঠেকায়া গুলি করল।’ তাঁর শরীরে পাঁচটি ছররা গুলির আঘাত রয়েছে।আহত মনির প্রথম আলোকে বলেন, তাঁর সামনেই পুলিশ শহীদুলকে প্রথমে মারধর করে মাটিতে ফেলে দেয়। তারপর লাথি মারে ও রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে, খুব কাছে থেকে গুলি করে। শহীদুলকে বাঁচাতে গেলে পুলিশ তাঁকেও গুলি করে। তাঁর পিঠে ছররা গুলি লেগেছে।আইন প্রতিমন্ত্রী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘আমার কাছেও অভিযোগ এসেছে, পুলিশই গুলি করেছে।’ তিনি বলেন, ‘ওই এলাকায় আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেখানে এমন কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি যে পুলিশের গুলি চালানোর প্রয়োজন হলো। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সমাবেশে জামায়াতের লোকজন হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পুলিশের গুলিতে শহীদুলের মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে দুই পক্ষ এত মারমুখী ছিল যে পুলিশ গুলি না চালালে শত শত লোক মারা যেত। পুলিশ সেখানে ব্ল্যাংক ফায়ার করেছে, এতে হতাহত হওয়ার কোনো সুযোগ নেই। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইব্রাহীম ফাতেমী হাসপাতালে গেলে নেতা-কর্মীরা তাঁকে বলেন, থানার সামনেই সংঘর্ষের ঘটনা ঘটলেও কামরাঙ্গীরচর থানার কোনো পুলিশকে দেখা যায়নি। দাঙ্গা পুলিশের নির্বিচারে গুলিতেই হতাহতের ঘটনা ঘটেছে। অতিরিক্ত কমিশনার জানতে চান, ‘যে গুলি করেছে তাঁকে চিনতে পারবেন?’ নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।নিহত ব্যক্তির বাবা আফসার হাওলাদার প্রথম আলোকে বলেন, শহীদুল আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি ফলের ব্যবসা করতেন।নিহত ব্যক্তির স্ত্রী কামরুন্নাহার বেগম বলেন, তাঁদের দুই ছেলে রয়েছে। কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে মান্নান পাটোয়ারীর বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। গ্রামের বাড়ি মাদারীপুরের টেকেরহাটে।