মাদ্রাসার কক্ষ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ এলাকার মাদ্রাসায় আজ সোমবার সকালে নিজ কক্ষ থেকে আমির আব্বাস (১৮) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।আব্বাস ‘কোরআনে হাফেজ’ শেষ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের ভাদেরটেকে।পুলিশ জানায়, আজ সকালে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে রক্ত বেরিয়ে আসতে দেখে পুলিশে খবর দেয় ওই মাদ্রাসা কর্তৃপক্ষ। সকাল পৌনে সাতটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আব্বাসের লাশ ও রক্তমাখা দুটি ছোরা উদ্ধার করে। আব্বাসের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, ওই ছোরাগুলো দিয়ে আব্বাসকে খুন করা হয়েছে। আব্বাসের মৃত্যুর পর থেকে তাঁর রুমমেট সাইফুল ইসলাম পলাতক।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মোবাশ্বের প্রথম আলো ডটকমকে বলেন, নিখোঁজ সাইফুল এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকদের জিজ্ঞাসাবাদ চলছে। ওই কক্ষটিকে সিলগালা করে সেখানে কাউকে ঢুকতে নিষেধ করা হয়েছে।