মাদ্রাসায় পাসের হার ৮৮.৪৭, কারিগরি বোর্ডে ৮০.৬৯
মাদ্রাসা শিক্ষা বোর্ডের এবারের দাখিল পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ। যা গতবারের চেয়ে ৫ দশমিক ২৪ শতাংশ বেশি। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এবার পাসের হার ৮০ দশমিক ৬৯ শতাংশ।আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলের পাশাপাশি গতকাল সোমবার মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সমমানের পরীক্ষার ফলও প্রকাশিত হয়।মাদ্রাসা বোর্ড: মাদ্রাসা বোর্ডের ২০১২ সালের দাখিল পরীক্ষায় সারা দেশ থেকে দুই লাখ ৭৩ হাজার ৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে দুই লাখ ৪১ হাজার ৫৭২ জন। পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৪৩৬ জন।মাদ্রাসা বোর্ডে প্রথম হয়েছে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৫০ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন। দ্বিতীয় হয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। তৃতীয় হয়েছে ঢাকার যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।সেরা দশের অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ঢাকার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, সাতগোড়া বাইতুল মোকাররম মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, খুলনার কামিল মাদ্রাসা, পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা, পিরোজপুরের ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা এবং নরসিংদীর জামিয়া-ই-কাসেমিয়া কামিল মাদ্রাসা।কারিগরি বোর্ড: কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৬৯ শতাংশ। এই বোর্ডে মোট ৯১ হাজার ১৭০ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ৫৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫২৪ জন।কারিগরি বোর্ডে ফলাফলের দিক থেকে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আছে চট্টগ্রামের এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল। দ্বিতীয় স্থানে আছে ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুল এবং তৃতীয় হয়েছে খুলনার ইউসেপ মোহসিন টেকনিক্যাল স্কুল।