মাধবপুরে ইউপি সদস্য খুন, ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামে জগন্নাথ দাস (৩৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। তিনি আন্দিউড়া ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হরিশ্যামা এলাকায় অভিযান চালিয়ে রাতেই ছয়জনকে আটক করেছে। পুলিশের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।এলাকাবাসী সূত্রে জানা যায়, জগন্নাথ দাস মাধবপুর বাজার থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মাধবপুর-হরিশ্যামা সড়কের মরারচর শ্মশান এলাকায় পৌঁছালে মুখোশধারী সাত-আটজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে এবং দা দিয়ে জগন্নাথকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে জগন্নাথ মাটিতে লুটিয়ে পড়েন এবং মোটরসাইকেলের চালক নন্দলাল চক্রবর্তী ও আউয়াল মিয়া দৌড়ে এলাকায় চলে আসেন। পরে স্থানীয় লোকজন জগন্নাথকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মোটরসাইকেল চালক নন্দলাল চক্রবর্তী বলেন, তিনি এবং আরেক আরোহী আউয়াল দুর্বৃত্তদের হাত থেকে পালিয়ে এলাকায় গিয়ে চিত্কার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তেরা পালিয়ে যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন চৌধুরী আজ শনিবার সকালে প্রথম আলো অনলাইনকে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে।