মাধবপুরে কয়েল কারখানায় আগুন, আহত ১০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক আহত হয়েছেন। আগুনে আড়াই কোটি টাকার যন্ত্রপাতি পুড়ে গেছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ১০টার দিকে আর কে মস্কফ্লাই নামে ওই কারখানার ডায়ার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে হবিগঞ্জ ও মাদবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কারখানাটির ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, আগুনে কারখানার প্রায় আড়াই কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে।হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) কামরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন চৌধুরী জানান, আগুন এখন নিয়ন্ত্রণে আছে। আহত শ্রমিকদের মাদবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।