মাধবপুরে টার্মিনাল নেই যত্রতত্র গাড়ি পার্কিং
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের ৫০০ গজের ভেতরে গড়ে উঠেছে বিভিন্ন গাড়ি পার্কিংয়ের স্থান। সংশ্লিষ্টরা বলেছেন, কোনো টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর এভাবে গড়ে উঠেছে এ পার্কিংয়ের স্থান। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়তই ঢাকা-সিলেটমুখী জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স যানজটে আটকে যায়।ঢাকা থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক রুহুল আমিন বলেন, ‘৩০ টাকা দিয়ে মহসড়কের ওপর ট্রাক পার্কিং করেছি। এখন আর আইন কিসের?’ কার কাছে টাকা দিয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, মাধবপুর পৌরসভার নিযুক্ত এক লোক এসে টাকা নিয়ে গেছে।মাধবপুর উপজেলার আদর্শ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জয়, সজীব, রাব্বি ও হূদয় বলে, প্রতিদিনই রাস্তার ওপর এলোমেলোভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে। রাস্তা পারাপারের সময় দূর থেকে গাড়ি এলে দেখা যায় না। খুব ভয়ের মধ্যে রাস্তা পার হতে হয়।ঢাকাগামী হানিফ পরিবহনের চালক আবদুল হামিদ বলেন, প্রতিদিন মাধবপুর অতিক্রম করতে বাধার সম্মুখীন হতে হয়। যত্রতত্র পার্কিং, যেন দেখার কেউ নেই।সৈয়দ ফজলুর কাদের নামের এক পথচারী জানান, উপজেলা গেটের দক্ষিণ পাশে মাইক্রোবাস ও ট্রাক রাখার কারণে প্রতিদিন পথচারীদের চলাচলে অসুবিধা হয়।মাধবপুর বাজার তদারক কমিটির সদস্য ও শিক্ষক তোফাজ্জুল হোসেন বলেন, রাস্তার ওপর গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে। তিনি বলেন, মহসড়কের পাশে সিএনবির অনেক জায়গা রয়েছে। এগুলো ভূমি অফিসকে ম্যানেজ করে প্রভাবশালীরা দখল করে নিয়েছে। জায়গাটি প্রশাসন উদ্ধার করে একটি টার্মিনাল নির্মাণ করলে অবৈধ পার্কিং আর থাকত না। বেবিট্যাক্সি সমিতির সাবেক সভাপতি ধনু মিয়া বলেন, ‘উপজেলা চেয়ারম্যানকে মৌখিকভাবে বলেছি, একটি টার্মিনাল করে আমাদের সমস্যা সমাধান করতে।’মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, এটি আমাদের জন্য বড় সমস্যা। সিলেটে ভিআইপি প্রবেশ কিংবা বের হওয়ার সময় রাস্তা পরিষ্কার করতে পুলিশকে হিমশিম খেতে হয়। আমাদের দাবি, সরকার মাধবপুরে একটি টার্মিনাল করে মহাসড়ক পরিষ্কার রাখবে।মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শাহ মো. মুসলিম বলেন, টার্মিনাল না থাকায় মাধবপুরে এ সমস্যা হচ্ছে। ট্রাক থেকে চাঁদা তোলা প্রসঙ্গে তিনি বলেন, মাধবপুর বাজারে পণ্য আমদানি হলে ট্রাকপ্রতি ২০ টাকা পৌরকর দিতে হয়। যে টাকা তুলবে, সে নেবে ১০ টাকা।মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘সমস্যার কথা আমি গত মাসে জেলা সমন্বয় সভায় আলোচন করে একটি রেজ্যুলেশন করেছি। মহাসড়কের পাশে সড়ক ও জনপথের অনেক জায়গা লোকজনের দখলে চলে গেছে। এগুলো উচ্ছেদের ব্যাপারে প্রক্রিয়া চলছে।