মাধবপুরে ট্রাকচাপায় শিশুসহ নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবার দিবাগত রাতে ট্রাকচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত ব্যক্তিরা হলেন—ফেরদৌস মিয়া (৪০) ও শুভা মনি (৪)।পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি নৈশ কোচ উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের কাছে থামিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় ফেরদৌস, শুভা ও আরও কয়েকজন যাত্রী বাসটির আশপাশে হাঁটাহাঁটি করছিলেন। রাত তিনটার দিকে পেছন থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি কোচটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কোচ ও ট্রাক ছিটকে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ফেরদৌস মিয়া নিহত হন। নিখোঁজ হয় শিশু শুভা মনি।খবর পেয়ে রাতেই শায়েস্তাগঞ্জ হাইওয়ে, মাধবপুর থানা-পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তত্পরতা চালান। কোচটি উদ্ধার করলেও ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রেকার দিয়ে ট্রাকটি উদ্ধার করার পর নিচে শুভার লাশ পাওয়া যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনায় আহত পাঁচ যাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।