মাধবপুরে ডিবি পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর গ্রামে গত রোববার রাতে ডিবি পুলিশের গুলিতে নূরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত রোববার রাতে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামে নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালাতে যায়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন। তাঁরা নূরুল ইসলামের ছেলে জেবু মিয়াকে আটক করে নিয়ে যেতে চাইলে তাতে বাধা দেন তাঁর পরিবারের লোকজন। এ সময় ডিবি পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ জেবুর ভাই মিন্টুকে আঘাত করে। এরপর জেবুর পরিবারের লোকজন ডিবি পুলিশের সদস্যদের ওপর পাল্টা আঘাত করে। এ সময় ডিবি পুলিশ গুলি ছুড়লে নূরুল ইসলাম গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। তবে এ ব্যাপারে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই বেলায়েত হোসেন বলেন, গত রোববার রাতে নূরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী জেবুকে ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় জেবুর সহযোগীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ডিবি পুলিশও গুলি ছোড়ে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে নূরুল ইসলামের পরিবারের লোকজনের ধস্তাধস্তি হয়। এ সময় ডিবি পুলিশের গুলিতে নূরুল ইসলাম গুলিবিদ্ধ হন। ওসি জানান, দুই পক্ষের ধস্তাধস্তির ঘটনায় এসআই বেলায়েতসহ পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন। তাঁরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।নূরুল ইসলামের স্ত্রী জায়েদা খাতুন প্রথম আলোকে বলেন, ‘বিনা দোষে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’নিহত ব্যক্তির ছেলে মিন্টু মিয়া বলেন, তাঁদের পরিবারের কেউই মাদক ব্যবসায়ী নন। এলাকার দুইজন মাদক ব্যবসায়ী ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত প্রথম আলোকে বলেন, নূরুল ইসলাম ভালো লোক ছিলেন। ডিবি পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন শুনে খারাপ লেগেছে। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আলী ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।