মাধবপুরে দুই মাতব্বর গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধবপুর উপজেলায় দুই শিশুসহ মায়ের আত্মহত্যার ঘটনায় দুই মাতব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সুলতানপুর গ্রামের আবদুল করিম খাঁ (৪০) ও আলী আমজাদ খাঁ (৩৫)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের সুলতানপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক বাদী হয়ে গ্রামের নয়জন মাতব্বরের নাম উল্লেখ করে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।গ্রেপ্তার হওয়া মাতব্বর করিমের স্ত্রী নূরুন্নাহার প্রথম আলোকে জানান, সোমবার থেকে ফেরদৌসীর আহত দুই শিশুর চিকিৎসার জন্য করিম খাঁ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ছিলেন। গতকাল রাতে ওই হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘করিম খাঁকে ইউএনও ও ডিসি, এএসপি সবাই বলেছে, তোমার কিছু হবে না। তুমি বাচ্চাদের চিকিৎসা করাও।’মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর রেলস্টেশনের কাছে গত সোমবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল এক্সপ্রেসের নিচে চার সন্তান নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুলতানপুর গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী ফেরদৌসী আক্তার। এতে তাঁর দুই সন্তান বন্যা ও সরলও মারা যায়। আর আহত অন্য দুই শিশু জীবন ও স্বর্ণা ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাধবপুরের ইউএনও এস এম সোহরাব হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত দুই শিশুর চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।