মাধবপুরে পুলিশ-পিকেটার সংঘর্ষ, ৫ পুলিশ আহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।এ সময় পিকেটাররা পুলিশের ব্যবহূত একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার আমতলী এলাকায় তৌহিদি জনতার ব্যানারে শতাধিক পিকেটার লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ পিকেটারদের বাধা দিলে তারা পুলিশের ওপর এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন। আহতেরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।বেলা ১১টায় প্রায় অর্ধশতাধিক পিকেটার উপজেলার জগদীশপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধ চত্বরে সমাবেশ করে। বেলা দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পিকেটাররা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্পল প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তিনি বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করবেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, এখন পরিস্থিতি শান্ত।