মাধবপুরে মরে যাচ্ছে বেগুনগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেগুনগাছ মরে যাচ্ছে। এ নিয়ে বেগুনচাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কৃষি কর্মকর্তা বলেন, প্রচুর পরিমাণ নিম্নমানের কীটনাশক ছিটানোর ফলে পোকাগুলো এখন আর সহজে কীটনাশকে মরছে না।সরেজমিনে দেখা গেছে, পোকার আক্রমণে শত শত বেগুনগাছ মরে যাচ্ছে। কৃষকেরা প্রচুর পরিমাণ কীটনাশক ছিটিয়ে কোনো উপকার পাচ্ছেন না। দাসপাড়া গ্রামের বেগুনচাষি আজিজুর রহমান বলেন, বেগুন চাষে এ গ্রামের ব্যাপক পরিচিতি থাকলেও এবার যেভাবে গাছ মরে যাচ্ছে, এতে মনে হয় আগের পরিচয় ভুলে যেতে হবে। দাসপাড়া গ্রামের মঈন উদ্দিন বলেন, এ গ্রামের বেগুন দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। বেগুন চাষ করে এ মৌসুমে কৃষকেরা লাভবান হন।উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ঋষিকেশ ভট্টাচার্য বলেন, উপজেলার একমাত্র দাসপাড়া গ্রামেই বেগুন চাষ হয়। এ বছর ৪০০ বিঘা জমিতে বেগুনের আবাদ হয়েছে। ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে বেগুনগাছগুলো মরে যাচ্ছে। কৃষকেরা প্রচুর পরিমাণ কীটনাশক ছিটানোর ফলে এখন আর সহজে কীটনাশকে পোকা মরছে না। তা ছাড়া বাজারে যে কীটনাশক রয়েছে এর বেশির ভাগই নিম্নমানের। এ কারণে চাষিদের প্রচুর পরিমাণ কীটনাশক ছিটাতে হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, বেগুনগাছ মরে যাওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।উপজেলার কৃষি কর্মকর্তা আতিকুর রহমান বলেন, কীটনাশক ছিটিয়ে শুধু অর্থের অপচয় করে কোনো লাভ নেই। বরং আলোকফাঁদ ব্যবহার করে যদি কৃষকেরা পোকা নিধন করেন, তাহলে অনেক উপকার পাবেন।