মাধবপুরে শিশু-কিশোরদের পিকেটিং
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ সোমবার হেফাজতে ইসলামের ডাকা হরতালে পিকেটিংয়ে অংশ নিয়েছে শিশু-কিশোরেরা। সকাল সাড়ে ছয়টায় মাধবপুর উপজেলা সদর থেকে নয়াপাড়া ইউনিয়নের সাহেববাড়ি বাসস্টেশন পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আটটি স্থানে হরতালের সমর্থনে শিশু-কিশোরেরা পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকেটিংয়ে অংশ নেওয়া শিশু-কিশোরেরা লাঠিসোঁটা নিয়ে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। রিকশাসহ কোনো যানবাহন চলতে দেয়নি তারা। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহায়। তবে অফিসগামী অনেকে হেঁটেই রওনা হন। হরতাল চলাকালে মহাসড়কের দুটি স্থানে অল্প কয়েকজন পুলিশ সদস্য দেখা গেছে। হেফাজতে ইসলামের মাধবপুর উপজেলা কমিটির আহ্বায়ক মাওলানা আব্বাস আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশও আমাদের বাধা দেয়নি। শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।’মাধবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক প্রথম আলোকে বলেন, এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।