মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ নিহত
হবিগঞ্জের মাধবপুরে গতকাল মঙ্গলবার রাতে ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন পুলিশ নিহত হয়েছেন। মাধবপুর উপজেলার শাহাজীবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাত আড়াইটার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোজাম্মেল হকসহ দুই পুলিশ সদস্য। পুলিশ জানায়, গতকাল রাতে সদর থানার ওসির নেতৃত্বে চার সদস্যের একটি দল মাধবপুর থানা এলাকা থেকে ফিরছিলেন। পথে তাঁদের বহনকারী পুলিশ ভ্যানটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়িচালক কনস্টেবল নজরুল এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনস্টেবল মোবারক হোসেনের মৃত্যু হয়। আহত ওসি ও কনস্টেবল রজন দেকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাধবপুর থানার ওসি আবদুল বাসেদ জানান, হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হকের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে জেলার শায়েস্তাগঞ্জ থানায় মামলা হয়েছে।