মাধবপুরের প্রাথমিক শিক্ষা কার্যক্রমের হ-য-ব-র-ল অবস্থা
ম্যানেজিং কমিটির অব্যবস্থাপনা, শিক্ষক সংকট, শিক্ষক সমিতি নিয়ে দ্বন্দ্বসহ নানা অনিয়মে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রমে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করেছে। তা ছাড়া প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকদের বিরুদ্ধে কাজে ফাঁকি ও জাতীয় সংগীত না গাওয়ানোর অভিযোগ রয়েছে।সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলে কোনো শিক্ষক নিয়োগ পাওয়ার পরপরই বদলি কিংবা পিটিআই প্রশিক্ষণে যাওয়ার জন্য শিক্ষা অফিসে তদবির শুরু করেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে সব সময়ই শিক্ষক সংকট লেগে থাকে। এ অবস্থায় বিদ্যালয়গুলোতে লেখাপড়ার মান দিন দিন কমতে থাকায় উপজেলার ১৫টি বিদ্যালয়ে উপবৃত্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।উপবৃত্তি বন্ধ হওয়া বিদ্যালয়গুলো হলো শ্রীধরপুর রেজিস্টার্ড, আউলিয়াবাদ কমিউনিটি, বেলঘর কমিউনিটি, দক্ষিণ খরখি সরকারি, উত্তর খরখি সরকারি, খটুরা সরকারি, জলবাঙ্গা কমিউনিটি, হাজী মিয়া চান রেজিস্টার্ড, উত্তর বরগ কমিউনিটি, মাজিসাইল সরকারি, রামপুর সরকারি, ধনকারা সরকারি, আদাউর সরকারি, গোয়ালনগর রেজিস্টার্ড ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।উপবৃত্তি বন্ধ হওয়া প্রসঙ্গে বুল্লা ইউনিয়নের মাজিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান. ২০০৮সালে ওই সময়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিন উপবৃত্তির টাকার আত্মসাত্ করার কারনে ছাত্রছাত্রীদের উপবৃত্তি বন্ধ হয়েছে। রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন প্রথম আলোকে বলেন ২০০৯সালে ছাত্র-ছত্রীদের উপস্থিতি কম থাকা ওই বিদ্যালয়ের উপবৃত্তি বন্ধ হয়ে যায়।তা ছাড়া উপজেলা শিক্ষা অফিসে জনবল সংকট থাকায় শিক্ষকদের দিয়ে করানো হয় অফিস সহকারীদের কাজ। শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, ছয় থেকে সাতজন শিক্ষক প্রতিদিনই অফিসের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এদিকে শিক্ষক সমিতি নিয়ে শিক্ষকের মধ্যে রয়েছে দলাদলি। হয়েছে পাল্টাপাল্টি কমিটি। মাধবপুরে প্রাথমিক শিক্ষকদের রয়েছে দুটি কমিটি। একটির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেজিয়া সুলতানা তরফদার ও অন্যটির সভাপতি দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান। দুই পক্ষের সভাপতিই দাবি করেন বৈধতা। এ নিয়ে মাধবপুর শিক্ষক সমাজের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।নাম গোপন রাখার শর্তে একজন সহকারী শিক্ষক জানান, রেজিয়া সুলতানার কমিটি সম্পূর্ণ গায়ের জোরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটি থেকে তাদের কোনো বৈধতা বা অনুমোদন দেওয়া হয়নি।এক কমিটির সভাপতি দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রথম আলোকে বলেন আমাদের কমিটির বৈধতা রয়েছে।নিয়ম নীতির মধ্যে দিয়ে আমরা কমিটি করেছি।একই কমিটির সাধারন সম্পাদক সোলেমান মিয়া বলেন, আমাদের কমিটি বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির রেজিষ্টশন প্রাপ্ত। রেজিষ্টশন নং ১৫৩৬(৯৬)। তিনি বলেন রেজিয়ার সুলতানা তরফদারের কমিটির কোন বৈধতা নেই।অপর কমটির সভাপতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিয়া সুলতানা তরফদার বলেন, উভয় কমিটিরই বৈধতা রয়েছে। আমাদের কমিটির রেজিষ্টেশন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির। অপরটি আওয়াল গ্রুপের সমিতির রেজিষ্টেশন। অপর কমিটি প্রসঙ্গে তিনি বলেন, কয়েকজন শিক্ষক আমাদের কমিটিতে পদ না পাওয়ায় তারা আরেকটি কমিটি করেছে।উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৭টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১০টি, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৬টি, বেসরকারি (সরকারি অনুদানে) প্রাথমিক বিদ্যালয় দুটি, এবতেদিয়া মাদ্রাসা দুটি, উচ্চ বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় একটি, উচ্চমাধ্যমিক মাদ্রাসাসংলগ্ন প্রাথমিক বিদ্যালয় চারটি ও ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ৫৫টি।সহকারী শিক্ষা কর্মকর্তার পাঁচটি পদের তিনটিই দীর্ঘদিন ধরে শূন্য। অফিস সহকারীর দুটি পদের জায়গায় একটি খালি। ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদের মধ্যে ১২টি, সহকারী শিক্ষক (সরকারি) ৪০১টি পদের মধ্যে ১৪টি, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪৪টি পদের মধ্যে ১২টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬টি পদের মধ্যে পাঁচটি খালি রয়েছে।সম্প্রতি উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণীর কক্ষে প্রধান শিক্ষক এখলাছুর রহমান পাঠদান করছেন। পাশের কক্ষগুলোতে শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীরা এদিক-ওদিক ছোটাছুটি করছে। চতুর্থ শ্রেণীর ছাত্র আরিফ জানায়, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে জাতীয় সংগীত গাওয়ানো হয়নি। শিক্ষক কম থাকায় লেখাপড়া কম হয়।বিদ্যালয়ে চারজন শিক্ষকের মধ্যে উপস্থিত থাকা প্রধান শিক্ষক বলেন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বদলিসংক্রান্ত কাজে উপজেলা শিক্ষা অফিসে গেছেন। বাকি দুজন শিক্ষক রয়েছেন হবিগঞ্জে পিটিআই প্রশিক্ষণে। বিদ্যালয়ের পাশে চা দোকানের মালিক সামসু মিয়া ও সেলিম মিয়া অভিযোগ করেন, বিদ্যালয়টির তালা ১১টার আগে খোলা হয় না। ছাত্রছাত্রীদের গাওয়ানো হয় না জাতীয় সংগীত। খোলার এক ঘণ্টা পরই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া কয়।এসব অভিযোগ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমান অন্য অভিযোগগুলো অস্বীকার করলেও জাতীয় সংগীত না গাওয়ানোর কথা স্বীকার করেন। তিনি বলেন, বিদ্যালয়ের কোনো মাঠ না থাকায় জাতীয় সংগীত গাওয়ানো সম্ভব হয় না।একই ইউনিয়নের উত্তর খরখি সরকারি প্রথামিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীর সংখ্যা ৩০৫ জন। শিক্ষকের পদ চারটি। এর মধ্যে আছেন তিনজন। তার মধ্যে আবার নজরুল ইসলাম নামের এক সহকারী শিক্ষকের বদলির আদেশ এলে নতুন শিক্ষক যোগ দেওয়ার আগেই তিনি অন্যত্র চলে যান।প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ জানান, শিক্ষক নজরুল ইসলাম শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করে গ্রামের রুখসানা নামের একটি মেয়েকে ৫০০ টাকার বিনিময়ে প্যারা শিক্ষক হিসেবে (অস্থায়ী নিয়োগ) এখানে দিয়ে তিনি চলে যান। এ অবস্থায় বিদ্যালয়ের এত ছাত্রছাত্রীর সামলাতে কষ্ট হচ্ছে।ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর (উত্তর) সরকারি প্রথামিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাত্র দুজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেশচন্দ্র দাশ জানান, শিক্ষকের ছয়টি পদ থাকলেও মাত্র দুজন আছেন। অথচ ছাত্রছাত্রী রয়েছে ৪৫০ জন। গ্রামের নেয়ামত উল্লাহ বলেন, বিদ্যালয়ে ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষক কম। একই গ্রামের পল্লি চিকিৎসক দুলাল মিয়া বলেন, ১০ বছর ধরে বিদ্যালয়টি একই কমিটি দিয়ে চলছে। এর সদস্যরা কোনোদিন বিদ্যালয়ের দিকে নজর দেন না।ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধির রায় বলেন, বিদ্যালয়ে ৪০ জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক থাকার কথা থাকলেও এখানে ৫৪১ জন ছাত্রছাত্রীর জন্য রয়েছে মাত্র চারজন।নয়াপাড়া ইউনিয়নের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমীন জানান, ওই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ইংরেজি, চতুর্থ শ্রেণীর গণিত, পঞ্চম শ্রেণীর ধর্ম শিক্ষা বই এখনো পৌঁছায়নি।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাজহারুর হুদার সঙ্গে আলাপ করলে তিনি সহকারী শিক্ষক আমিনুল ইসলাম প্রসঙ্গে বলেন, তিনি বিদ্যালয় ছেড়ে শিক্ষা অফিসে এসে অন্যায় করেছেন। বাকি অভিযোগগুলো তদন্ত করে দেখব।নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন অফিসে জনবল সংকট থাকায় অনেক বিদ্যালয় থেকে শিক্ষক ডেকে এনে শিক্ষা অফিসের কাজ করাতে হচ্ছে। তা না হলে শিক্ষকদের বিভিন্ন দপ্তরিক কাজ পরে থাকতে হত। তিনি বলেন, ৫ম শ্রেনীর সমাপনী পরিক্ষার পর ৫/৬জন শিক্ষকে পুরোদমে শিক্ষা কার্যালয়ের কাজ করতে হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান বলেন, যেসব বিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়ানো হয়নি আগামী মাসিক সভায় তা নিয়ে আলোচনা করব। শিক্ষক দিয়ে অফিস সহকারীর কাজ করানো প্রসঙ্গে তিনি বলেন, অফিসের জনবল না থাকায় যে বিদ্যালয়গুলোয় শিক্ষক বেশি রয়েছে সেখান থেকে শিক্ষক এনে সমাপনী পরীক্ষার কাজ করানো হচ্ছে। এ ছাড়া আর কোনো উপায় নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম সরকার বলেন, ‘জাতীয় সংগীত না গাওয়ানোটা বড় ধরনের অন্যায়। আমি বিভিন্ন মিটিংয়ে এ কার্যক্রমগুলোর ওপর বিশেষ নজর দিই। বিদ্যালয় পরিদর্শন কম হয় বলে এমনটি হচ্ছে। বিদ্যালয়গুলো আরও ঘন ঘন পরিদর্শন করা হবে হবে।’