মাধুরীর চ্যালেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে দ্বিতীয় ইনিংসটা ভালোই খেলছেন একসময়ের পর্দাকাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ‘দেধ ইশকিয়া’ ও ‘গুলাব গ্যাং’ ছবিতে অভিনয় করছেন—হাতে রয়েছে আরও কয়েকটি ছবির কাজ। অন্য কারও সঙ্গে নয়, নিজের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মাধুরী। নিজেই নিজের অবস্থানকে ডিঙিয়ে যেতে চান এই অভিনেত্রী।এ প্রসঙ্গে সাম্প্রতিক এক টুইটার বার্তায় মাধুরী লিখেছেন, ‘ভিন্ন ধরনের ছবিতে নতুন নতুন চরিত্রের মাধ্যমে নিজের অভিনয়-ক্ষমতাকে যাচাইয়ের চেষ্টা করছি। বলা যায়, অভিনয়শিল্পী হিসেবে নিজের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি আমি।’ মাধুরী জানিয়েছেন, ‘যেসব ছবির কাজ হাতে নিয়েছি, সেগুলোতে আমার চরিত্র দেখে দর্শকেরা রোমাঞ্চিত হবেন বলেই আমার বিশ্বাস। কারণ চরিত্রগুলো শক্তিশালী এবং গতিশীল। দর্শক হূদয়ে ছাপ ফেলার মতো সব রকম গুণই রয়েছে এসব চরিত্রে। এই ছবিগুলো ছাড়াও সামনে আমার অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে।’ এক খবরে জানিয়েছে পিটিআই।উল্লেখ্য, এক যুগ যুক্তরাষ্ট্রে বসবাসের পর গত বছরের অক্টোবরে স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশে ফিরে আসেন মাধুরী। দেশে ফিরেই ছোট ও বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রতিভাবান এই শিল্পী।২০০২ সালে সঞ্জয় লীলা বানশালীর ‘দেবদাস’ ছবিতে অভিনয়ের পর পাঁচ বছরের বিরতি টেনেছিলেন মাধুরী। ২০০৭ সালে ‘আজা নাচলে’ ছবি দিয়ে বলিউডে ফেরেন নৃত্যে পারদর্শী এই তারকা। মাধুরীর অভিনয় প্রশংসিত হলেও ছবিটি খুব বেশি সাড়া ফেলতে ব্যর্থ হয়। ২০১০ সালের ডিসেম্বর থেকে নাচ-বিষয়ক রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ৪’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মাধুরী। মূলত এই শো’তে অংশ নেওয়ার পর থেকেই তিনি আবারও আলোচনায় আসেন। বলিউডে দ্বিতীয় ইনিংস শুরুর প্রস্তাব পাওয়া শুরু করেন।