মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষকেরা নির্বাচন করতে পারবেন না
সরকার-স্বীকৃত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মাচারীরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।আজ বুধবার ইউপি নির্বাচনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, বিভাগীয় কমিশনার এবং পুলিশ, বিজিবি, আনসার, র্যাব ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সভা শেষে শামসুল হুদা সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এ-সংক্রান্ত ১৯৬১ সালের যে অধ্যাদেশটি রয়েছে, সে সম্পর্কে আমরা অবহিত ছিলাম না। গত ইউপি নির্বাচনের সময় সর্বপ্রথম জানি। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এটার কার্যকারিতা আছে কি না, জানতে চিঠি পাঠানো হয়। তারা জানিয়েছে, আইনটি কার্যকর আছে। সুতরাং বোর্ড স্বীকৃত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা নির্বাচনে অংশগ্রহণ এবং প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে স্নাতক ও প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই।’কমিশন সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষকদের ইউপি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, এ মর্মে কাল একটি পরিপত্র জারি করা হবে।শামসুল হুদা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে স্ট্রাইকিং ও ভ্রাম্যমাণ বাহিনীর কর্ম-এলাকা বাড়ানোর ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে এই বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার বাইরে শুধু টহল দিত। নির্বাচন সুষ্ঠু করার জন্য এবার তাদের ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষমতা দেওয়া হচ্ছে। নির্বাহী ও বিচারিক হাকিমরাও অপরাধের তাত্ক্ষণিক বিচার করে জেলা-জরিমানা করতে পারবেন।প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, সভায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে র্যাব ও পুলিশের সমন্বয়ে কম্বিং অপারেশন চালানোর প্রস্তাব করা হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচন চলাকালে বৈধ অস্ত্র থানায় জমা রাখতে বলা হয়েছে।