মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ১০,০০০ শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে আট হাজার ৬৩৫টি এবং মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ২৬৮টি পদ শূন্য রয়েছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন দুটি পৃথক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।মমতাজ বেগমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদ রয়েছে এক হাজার ২৬৮টি। বিষয়ভিত্তিক পদের শূন্যতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রতিবছর দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগের বিষয়টি অব্যাহত রয়েছে।জয়নাল আবেদিনের এক প্রশ্নের জবাবে আফছারুল আমীন, তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের আট হাজার ৬৩৫টি পদ শূন্য রয়েছে।অপু উকিলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সংখ্যা ১৪৭টি। নতুন করে বিদ্যালয় করার কোনো পরিকল্পনা আপাতত নেই।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে ৯২টি সরকারি কলেজে সম্মান কোর্স চালু রয়েছে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে প্রতিটি মাদ্রাসায় কম্পিউটার সরবরাহ করার পরিকল্পনা সরকারের রয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার বর্তমানে বিদ্যালয় ও কলেজ সরকারিভাবে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রাজধানীতে ছয়টি কলেজ, ১১টি বিদ্যালয় স্থাপনের প্রকল্প এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে যথাক্রমে তিনটি ও দুটি করে উচ্চবিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কাজ চলছে।অন্য এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, চলতি অর্থবছরে সারা দেশে ৪৬৬টি নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে।