মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০১০ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে ১২ লাখ ছয় হাজার ১৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছয় লাখ ২৭ হাজার ৬৭২ জন ছাত্র এবং পাঁচ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন ছাত্রী।এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৪৪টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষা দেবে ২৬ হাজার ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে এক লাখ ৪২ হাজার ৫৩৫ জন বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জানা যায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এক হাজার ৩৫টি কেন্দ্রে ১৫ হাজার ২৮৪টি প্রতিষ্ঠানের নয় লাখ ১৬ হাজার ১৮০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৫১৩টি কেন্দ্রে নয় হাজার ৩১৬টি মাদ্রাসার দুই লাখ ১১ হাজার ৫২৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯৬টি কেন্দ্রে এক হাজার ৫৯২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৭৭ হাজার ৯৭৯ জন।পরীক্ষা উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অনধিকার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালে এই আদেশ বলবত্ থাকবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সব এলাকায় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। মন্ত্রী অযথা পরীক্ষা কেন্দ্রে না যেতে এবং খুব বেশি প্রয়োজন হলে কেন্দ্র সচিবকে অবগত করে জনপ্রতিনিদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট পরীক্ষার হলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।