মাধ্যমিক স্তরে পরীক্ষার্থী কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর মাধ্যমিক স্তরের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমেছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। গতবারের চেয়ে এবার এক লাখ ১৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী কমেছে। এবারে ১০ বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ তিন হাজার ২০৩ জন। গতবার এই সংখ্যা ছিল ১৪ লাখ ২০ হাজার ৫৭।সারা দেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবার যারা এই পরীক্ষায় অংশ নিচ্ছে, তারা ২০১০ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে। এর আগে এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না। এ কারণে অষ্টম শ্রেণী অধ্যয়ন করা প্রায় সব শিক্ষার্থী আগে নবম শ্রেণীতে ভর্তির সুযোগ নিত (অষ্টম শ্রেণীতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও নবম শ্রেণীতে ভর্তির সুযোগ ছিল)। এতে এসএসসি ও দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যাটা বেশি হতো। এখন জেএসসি ও জেডিসি পাস করলেই নবম শ্রেণীতে ভর্তি হতে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট শিক্ষার্থীর মধ্যে শুধু এসএসসি পরীক্ষার্থী নয় লাখ ৮৯ হাজার ৮১৭ জন। দাখিলে দুই লাখ ২৫ হাজার ২৬ জন ও এসএসসি ভোকেশনালে ৮৮ হাজার ৩৬০ জন।