মান বাঁচালেন মুশফিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে খাড়া রাস্তা এই ডানেডিনে। সেই রাস্তায় হেঁটে উপরে উঠলে একটা সার্টিফিকেট মেলে। যাতে লেখা থাকে—‘অমুক এত তারিখে বিশ্বের সবচেয়ে খাড়া রাস্তায় আরোহণ করেছেন।’মুশফিকুর রহিমেরও এমন একটা সার্টিফিকেট প্রাপ্য। ডানেডিনে তাঁর চেয়ে বেশি খাড়া রাস্তায় কে উঠেছেন কবে!বল্ডউইন স্ট্রিটের নাম গিনেস বুকে উঠে গেছে, অথচ রাস্তাটির নির্মাতার নাম কোথাও লেখা নেই। মুশফিকুর রহিম যে ‘খাড়া রাস্তা’য় উঠেছেন, সেটির নির্মাতার নাম সবারই জানা। বাংলাদেশের টপ অর্ডার!২৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছেন। কিছুক্ষণের মধ্যেই স্কোরবোর্ডে দেখেছেন ৬ উইকেটে ৪৬। দু বছর আগের কুইন্সটাউন তখন উঁকি মারছে ডানেডিনে। ছবির মতো সুন্দর যে কুইন্সটাউন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক। ৯৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর মাত্র ৬ ওভারেই নিউজিল্যান্ডকে তা টপকে যেতে দেখা—বাংলাদেশের এই দলে কুইন্সটাউন-কলঙ্কের সাক্ষীরা ড্রেসিংরুমে সেই স্মৃতিচারণ করতেও শুরু করেছিলেন।২৩তম ওভারে ৪৬/৬ হয়ে যাওয়ার পর অলআউট না হয়ে ১৮৩—কুইন্সটাউনের পুনরাবৃত্তি ঠেকাল মুশফিকুরের ব্যাট। বলতে পারেন, বাংলাদেশের মানও বাঁচালেন। ১০৭ বলে ৮৬, ৮টি চার, ৩টি ছয়—এই পরিসংখ্যানের সাধ্য কি তাঁর বীরত্বের ছবি আঁকার! ৫২ বলে ৭৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি নিয়ে গেলেন রস টেলর। কিন্তু ম্যাচের সেরা ইনিংস? সেটি তো খেললেন মুশফিকুরই। হায়, পরাজিতের বীরত্ব কে মনে রাখে!১৩৫ বল বাকি থাকতে ৫ উইকেটে হার—ওয়ানডেতে অনেক বড় পরাজয়। ওই ৪৬/৬-এর কথা মনে রাখলে অবশ্য এটিকেই ভালো মনে হতে বাধ্য। দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে দিয়ে মিছিলের শুরু। অ্যান্ডি ম্যাকাই নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে ঢুকেছেন জাতীয় দলে। ১৪০ কিলোমিটারের ওপরে বলের গতি, নেপিয়ারে অভিষেকেই তুলেছিলেন ১৪৬ কিলোমিটার পর্যন্ত। কাল তাঁর বোলিংয়েই টালমাটাল বাংলাদেশ। ১০ ওভারে ১৭ রান দিয়ে তামিম আর সাকিবের উইকেট। ৭ ওভার শেষে বোলিং বিশ্লেষণ: ৭-৩-৪-২! শূন্য রানে সাকিবকে ফিরিয়েছেন দারুণ একটি ইয়র্কারে। তামিমের বলটিও ভালো ছিল। যদিও জেমি সিডন্স প্রিয় শিষ্যেরই ভুল খুঁজে পাচ্ছেন এতে, ‘ওই বলটা না খেলে ছেড়ে দিলেই হতো।’আগের দুই ম্যাচের মতো এখানেও বাংলাদেশের মিডল অর্ডার বলে কিছু নেই। আশরাফুল ১৭ বলে ১ রান করার পর ১৮তম বলে টাফিকে ফিরতি ক্যাচ দিলেন। ওয়ানডেতে প্রত্যাবর্তনের দিনে আফতাব (১০) বাটলারকে কাট করতে গিয়ে কট বিহাইন্ড। সাকিবের বৃত্তান্ত তো আগেই জানলেন। ইমরুল কায়েস যেভাবে রানআউট হলেন, সেটি স্কুল ক্রিকেটে হলেও কোচের কড়কানি খেতে হতো। আউটগুলোর একটু বিস্তারিত বিবরণ থাকল, কারণ ভোররাতে টিভির সামনে না বসে একটু দেরি করে থাকলে আপনি এর কিছুই দেখেননি।২৫ রানে ৫ উইকেট নাই হয়ে যাওয়ার পর মুশফিকুরের সঙ্গে মাহমুদউল্লাহর জুটিটিও ভেঙেছে রানআউটে। যেটিতে নিজের দায় স্বীকার করে নিচ্ছেন মুশফিক। তবে দায়মোচন তো তিনি করেছেনই। নাঈমকে সঙ্গী পেয়েছিলেন। সপ্তম উইকেটে তাই ১৪৭ বলে ১০১ রানের জুটি হলো। বাংলাদেশের পক্ষে নতুন এই পার্টনারশিপ রেকর্ডটিতে অবশ্য ভাগ্যের ছোঁয়াও ছিল। নইলে নাঈমের ৭ রানেই বোল্ড হয়ে যাওয়ার কথা। জুটিটিও থেমে যাওয়ার কথা ১৯ রানেই। বাটলারের বল বেল নাড়িয়ে দিয়েও অলৌকিকভাবে সেটিকে আবার জায়গায় বসিয়ে দেওয়াতেই ঠেকানো গেল কুইন্সটাউন।কুইন্সটাউনেও ছিলেন মুশফিক। করেছিলেন শূন্য। কাল প্রথম বলেই রান, এরপর পরিস্থিতি অনুযায়ী কখনো শান্ত তাঁর ব্যাট, কখনো বা ধারালো তলোয়ার। টাফির বলে প্রথম ছয় মেরে ওয়ানডেতে পঞ্চম হাফ সেঞ্চুরি—৪৬ থেকে ৫২। শেষ ওভারের প্রথম বলে স্কুপ মারতে গিয়ে এলবিডব্লু, এর আগের ১৮ বলে করেছেন ৩৬ রান। মেরেছেন আরও দুটি ছয়।শেষপর্যন্ত থাকলে হয়তো সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন। তবে এটা মুশফিকুরের ব্যক্তিগত দুঃখই হয়ে থেকেছে। দলের দৃষ্টিকোণ থেকে খুব একটা ক্ষতি হয়নি। কারণ ইনিংসের শেষ তিন বল থেকে ১৪ রান নিয়েছেন শাহাদাত (৬ ৪ ৪)।বছর দুয়েক আগে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশকে দিয়ে। কাল ওয়ানডে অভিষেকেও বাংলাদেশ। ইতিহাসের সাক্ষী থাকতেই কি না, মাঠে উপচে পড়া দর্শক। তবে সেই সংখ্যাটা হাজার পাঁচেকও হবে কি না সন্দেহ! টসে জিতে ড্যানিয়েল ভেট্টোরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর কথা ঘোষণা করায় সেই দর্শকদের মধ্যে একটা আপত্তির সুর উঠল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করলে না ইচ্ছেমতো চার-ছয় দেখা যেত!বাংলাদেশের ইনিংস শুরু হতে না হতেই ধ্বংসস্তূপের চেহারা নেওয়ায় দিনটা মাটি হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই কি না, এক-দুই রানকেও প্রবল করতালিতে অভিনন্দিত করে গেলেন দর্শকেরা। আউট হয়ে ফেরার সময় মুশফিকুর পেলেন বীরের সম্মান।এই ছোট্ট মাঠে ১৮৩ রান নিয়ে বাংলাদেশের বোলারদের লড়াইটাকেও বীরত্বই বলতে হবে। নেতৃত্ব দিলেন তরুণ শফিউল। নেপিয়ারে ৪ উইকেট নিয়েছিলেন, কাল নিলেন ৩টি। প্রথম (ম্যাচের দ্বিতীয়) ওভারেই ম্যাককালাম, সপ্তম ও শেষ ওভারে তিন বলের মধ্যে টেলর ও ব্রুম।ম্যাচের ফলাফল নিয়ে সংশয় জাগার অবশ্য প্রশ্নই ছিল না। সেই সংশয় না থাকলে খেলায় কোনো রোমাঞ্চ থাকে না কি! সেই অভাব মেটাতেই কি না, শ্বেতাঙ্গ এক তরুণ একেবারে জন্মদিনের পোশাকে মাঠে নেমে গেলেন। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোঁ দৌড়, তিন-চারজন নিরাপত্তাকর্মীও তাঁকে ধরতে ব্যর্থ। ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তও এটাই!