গতকাল রোববার প্রথম আলোয় ‘সংসদের জন্য ছয়টি লিফট, স্পিকার জানেন না’ শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কে বক্তব্য দিয়েছে মান বাংলাদেশ লিমিটেড।বক্তব্যে বলা হয়, ২০০৮ সালের সেপ্টেম্বরে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী মান বাংলাদেশ দরপত্র দাখিল করে। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে গঠিত দরপত্র মূল্যায়ন কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর মান বাংলাদেশকে কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের সব শর্ত পালন করে লিফট আমদানির পর এগুলো এপ্রিলের তৃতীয় সপ্তাহে সংসদ ভবনে সরবরাহ করা হয়। বক্তব্যে বলা হয়, দরপত্রের বিশেষ শর্ত অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুবাস কুমার ঘোষ ও নির্বাহী প্রকৌশলী আশরাফুল হক এবং পূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এ এম এম আজাহারের সমন্বয়ে গঠিত একটি দল লিফট আমদানির আগে প্রাক-জাহাজীকরণ পরিদর্শনের জন্য দক্ষিণ কোরিয়া সফর করে মালামাল দেখে আসে। এ অবস্থায় পত্রিকায় প্রকাশিত ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়’ বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত। বক্তব্যে আরও বলা হয়, মান বাংলাদেশের মাধ্যমে সরবরাহকৃত লিফটগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বিশ্বখ্যাত কোরিয়ার ওটিস এলিভেটর কোম্পানির তৈরি। বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবন, ডিজিএফআই সদর দপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও পুলিশ বাহিনীর বিভিন্ন স্থাপনা, রাজউক ভবন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই কোম্পানির লিফট ব্যবহার করা হচ্ছে।মানের বক্তব্যে বলা হয়, প্রতিবেদনে জার্মানির তৈরি লিফটকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়। এ ছাড়া প্রতিবেদন প্রকাশের আগে মান বাংলাদেশের বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল। প্রকাশিত খবরে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।গণপূর্ত বিভাগের প্রতিবাদ: একই খবরের প্রতিবাদ জানিয়ে গণপূর্ত ই/এম বিভাগের (৭) পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম আলোর সংবাদটি সঠিক তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়নি। প্রকৃতপক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের ২০০৮ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত ৩৩তম সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি লিফট কেনার প্রক্রিয়া শুরু হয়। পরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন এবং অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক অনুমোদনের ভিত্তিতে পিপিআর-২০০৮ এবং গণপূর্ত অধিদপ্তরের সব বিধি অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সর্বনিম্ন দরদাতার মাধ্যমে এসব লিফট কেনা হয়েছে। পিপিআর-২০০৮ অনুযায়ী কোন দেশের তৈরি, তা উল্লেখ করার বিধান নেই বলে সুনির্দিষ্ট কোনো দেশের লিফট কেনার সুযোগ নেই। এ ছাড়া ক্রয়-প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ের অগ্রগতি সংসদ সচিবালয়কে জানানো হয়েছে। লিফট স্থাপনের বিষয়ে সামগ্রিক প্রেক্ষাপটের ধারাবাহিক বিবরণ সংসদের স্পিকারকেও অবহিত করা হয়েছে।