বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। ২০১২ সালে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। আগের বছর অবস্থান ছিল ১৪৭তম।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৩’-তে এই তথ্য রয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল শুক্রবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর মোড়ক উন্মোচন করেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস। নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান ও ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোরশেদ।প্রতিবেদনে বলা হয়েছে, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখনো নিম্নপর্যায়ভুক্ত হলেও দেশটির অগ্রগতি নিম্নপর্যায়ের গড় প্রবণতার চেয়ে বেশি। ২০১২ সালে মানব উন্নয়নে নিম্নপর্যায়ভুক্ত দেশগুলোর গড় এইচডিআই মান শূন্য দশমিক ৪৬১, একই সময়ে বাংলাদেশের এইচডিআই মান শূন্য দশমিক ৫১৫। তবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড় মান শূন্য দশমিক ৫৫৮ এবং বৈশ্বিক গড় মান শূন্য দশমিক ৬৯৪ থেকে বাংলাদেশ পিছিয়ে।দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়নে সবচেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। দেশটির বৈশ্বিক অবস্থান ৯২তম এবং উচ্চপর্যায়ভুক্ত। মালদ্বীপ, ভারত ও ভুটানের অবস্থান যথাক্রমে ১০৪, ১৩৬ ও ১৪০তম। এগুলো মধ্যপর্যায়ভুক্ত। পাকিস্তানের অবস্থান বাংলাদেশের সমপর্যায়ে (১৪৬তম)। নেপাল ও আফগানিস্তানের অবস্থান যথাক্রমে ১৫৭ ও ১৭৫তম।প্রতিবেদনমতে, ভারতের মানব উন্নয়ন দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সাফল্যের তুলনায় কিছুটা ম্লান। ভারতের চেয়ে কম হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্ধেক মাথাপিছু আয় নিয়েও মানব উন্নয়নে বরং বাংলাদেশ ভালো করেছে। কোনো কোনো সূচকে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে। বস্ত্রশিল্পে অসামান্য সাফল্যে এবং ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশ তার অগ্রগতি অব্যাহত রাখতে পেরেছে।১৯৯০-২০১২ সময়ে মানব উন্নয়ন সূচকে ভারত ২৪ দশমিক ৫০ শতাংশ ঘাটতি কমাতে সক্ষম হয়েছে, যেখানে বাংলাদেশ কমিয়েছে ২৪ দশমিক ১০ শতাংশ। এই ঘাটতি কমানোর সূচকে ভারতের অবস্থান ৪৫তম, বাংলাদেশের ৪৭তম।প্রতিবেদনে বলা হয়েছে, শিশুমৃত্যু রোধে বা শিশুদের বেঁচে থাকার ক্ষেত্রে বাংলাদেশ নাটকীয় অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশ নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করেছে, নারীর সামাজিক মর্যাদার উন্নতি ঘটিয়েছে, রাজনৈতিক সম্পৃক্ততা বাড়িয়েছে, স্বাস্থ্য সচেতনতা ও স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করেছে।এবারের মানব উন্নয়ন প্রতিবেদনের প্রতিপাদ্য হলো ‘দক্ষিণের উত্থান: বৈচিত্র্যময় বিশ্বে মানব অগ্রগতি’। বেশির ভাগ উন্নয়নশীল দেশ বেশ ভালো অগ্রগতি লাভ করেছে। সুনির্দিষ্টভাবে বড় কয়েকটি দেশ। যাকে প্রতিবেদনে বলা হচ্ছে ‘দক্ষিণের উত্থান’। এর কয়েকটি দেশের অগ্রগতি বেশ দ্রুত। এগুলো হলো চীন, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। কিন্তু বাংলাদেশ, চিলি, ঘানা, মরিশাস, রুয়ান্ডা, থাইল্যান্ড ও তিউনিসিয়ার মতো ছোট অর্থনীতির দেশগুলোও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দ্রুততম সময়ে উন্নতি করা বিশ্বের ১৮টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।প্রতিবেদনে বলা হয়, ১৯৫০ সালে চীন, ভারত ও ব্রাজিল মিলে বিশ্ব অর্থনীতির ১০ শতাংশ প্রতিনিধিত্ব করত। একই সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালি—এই ছয় সনাতনী শক্তির হিস্যা ছিল বিশ্ব অর্থনীতির অর্ধেক। অথচ আগামী ২০৫০ সালে চীন, ব্রাজিল ও ভারত বৈশ্বিক উৎপাদনের ৪০ শতাংশ জোগান দেবে।ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস জানান, এইচডিআইর ক্রমবৃদ্ধি দিয়ে মাপলে বাংলাদেশের সার্বিক অগ্রগতি সত্যিই ব্যতিক্রমধর্মী। ১৯৮০ সালের ভিত্তিমানে তা ৬৫ শতাংশ বেড়েছে।প্রতিবেদনে অর্থনৈতিক প্রবৃদ্ধি হারের দিকটি উপেক্ষিত থেকে গেছে বলে সমালোচনা করেন সেলিম রায়হান। এ ছাড়া প্রতিবেদনে উন্নয়নশীল, স্বল্পোন্নত, সাব-সাহারা অঞ্চল এবং ক্ষুদ্র ও নাজুক দেশ—এ রকম চারটি শ্রেণী থাকতে পারত, যা করা হয়নি। তিনি বলেন, বাংলাদেশের যে উন্নতিটুকু হয়েছে, তার পেছনে সরকারের উন্নয়ন পদক্ষেপের পাশাপাশি বেশি কাজ করেছে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারা। অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে দক্ষিণ এশিয়া এবং এলডিসি ফোরামে বাংলাদেশের কণ্ঠস্বরকে আরও বলিষ্ঠ করতে হবে বলে মনে করেন তিনি।কে এ এম মোরশেদ বলেন, মানব উন্নয়ন নির্ধারণসূচির তিন উপাদান—আয়ুষ্কাল, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান দৃঢ়। তবে দেশটি ভালো করার অন্যতম কারণ হচ্ছে, সরকারি নীতি বাস্তবায়নে নতুন পদ্ধতি উদ্ভাবন। এনজিওর মাধ্যমে টিকা কর্মসূচির সফল বাস্তবায়নের উদাহরণ বাংলাদেশই তৈরি করেছে। তিনি দক্ষিণ এশিয়ার উন্নয়নে ১৯৮৭ সালের মতো একটি বিশেষ কমিশন গঠন এবং বিদ্যমান পরিস্থিতিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর কাঠামো বদলানোর পরামর্শ দেন।ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি খাজা মাঈনুদ্দীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি ধন্যবাদ বক্তব্য দেন।