মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানব উন্নয়ন সূচক গত ৩০ বছরে ৮১ শতাংশ বেড়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশিত হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিবেদন ২০১০ থেকে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ১৬৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯। উন্নয়ন ধারার দিক থেকে ৯৫টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে।আজ শুক্রবার ইউএনডিপির এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নোবেলজয়ী লেখক অমর্ত্য সেন গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন। তুলনামূলক উপাত্তের ওপর ভিত্তি করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৮০-এর দশকের পর থেকে বাংলাদেশের মানব সূচক উন্নয়ন প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য এটি জাতীয় গৌরব।’ ইউএনডিপির কর্মকর্তারা বলছেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪টি দেশের গত দুই দশকের মানব উন্নয়ন সূচকের তুলনামূলক ধারা পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশ ও কম্বোডিয়া সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে। ইউএনডিপির বিবৃতিতে আরও বলা হয়, মানব উন্নয়ন সূচকে আয়ু বাড়ার বিষয়টি বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করেছে। গত ৪০ বছরে বাংলাদেশের মানুষের আয়ু বেড়েছে ২৩ বছর। আর ইরানের ১৮, ভারতের ১৬ ও আফগানিস্তানের ১০ বছর বেড়েছে।—বাসস।