মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বড় অগ্রগতি
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) বাংলাদেশ বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। গত ৩০ বছরে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক বেড়েছে ৮১ শতাংশ। গত বৃহস্পতিবার ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।তুলনামূলক উপাত্তের ওপর ভিত্তি করে ‘দ্য রিয়েল ওয়েলথ অব নেশনস: পাথওয়েস টু হিউম্যান ডেভেলপমেন্ট’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, গত শতকের আশির দশকের পর থেকে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে ১৬৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯। আর উন্নয়নধারার দিক থেকে ৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থানে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের এই অগ্রগতির কথা তুলে ধরেন। এইচডিআই নির্ধারণের ক্ষেত্রে নতুন পদ্ধতি এবং আন্তর্জাতিক তথ্য-উৎস ব্যবহার করে বাংলাদেশের উন্নয়নের এই চিত্র পাওয়া গেছে।ইউএনডিপির বাংলাদেশে আবাসিক প্রতিনিধি স্টেফান প্রিয়েসনার বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য জাতীয় গর্বের উৎস হতে পারে এই অর্জন। বড় বড় বাধাবিপত্তি অতিক্রম করে স্থিতিশীল উন্নয়নের ধারা অব্যাহত রাখা খুবই উল্লেখযোগ্য অর্জন।১৯৯০ সাল থেকে বার্ষিক মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ২০১০ সালের সূচক অনুযায়ী, তুলনামূলক তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ১৬৯টি দেশের মধ্যে ১২৯তম স্থানে রয়েছে। ইউএনডিপির কর্মকর্তারা জানান, এইচডিআই বাড়ার প্রবণতা পর্যালোচনা করে দেখা গেছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪টি দেশের মধ্যে মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ ও কম্বোডিয়া। এইচডিআইয়ে বাংলাদেশের মান শূন্য দশমিক ৪৬৯। ইউএনডিপির বিবৃতিতে বলা হয়, উন্নয়নের বিভিন্ন খাতের মধ্যে গড় আয়ুর ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন অর্জন করেছে বাংলাদেশ। গত ৪০ বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এই সময়ে বাংলাদেশের জনগণের গড় আয়ু বেড়েছে ২৩ বছর। সে তুলনায় ইরানিদের গড় আয়ু ১৮ বছর, ভারতীয়দের ১৬ বছর ও আফগানিস্তানের নাগরিকদের ১০ বছর বেড়েছে।এ বছর এইচডিআই নির্ধারণের ক্ষেত্রে নতুন পদ্ধতি ব্যবহার করেছে ইউএনডিপি। এতে লিঙ্গবৈষম্য, দারিদ্র্য এবং আয়, স্বাস্থ্য ও শিক্ষাসংশ্লিষ্ট বৈষম্যের জন্য নতুন মাপকাঠি ধার্য করা হয়েছে। এ ব্যাপারে অমর্ত্য সেন বলেন, ‘প্রথম মানব উন্নয়ন সূচক চালুর ২০ বছর পর যা কিছু অর্জন হয়েছে, তা অবশ্যই উচ্ছ্বসিত হওয়ার মতো। কিন্তু আমাদের অবশ্যই বিপন্ন মানবের কল্যাণ ও স্বাধীনতার নতুন হুমকি মোকাবিলায় সহায়তা দেওয়ার পথগুলো খোলা রাখতে হবে।’