মানব জিন-নকশার এক দশক
এ শতকের শুরুটা ছিল প্রচ্ছন্ন আতঙ্কের আর প্রতীক্ষিত উত্তেজনার। ‘মিলেনিয়াম বাগ’ নিয়ে বিশ্ববাসী বেশ উত্কণ্ঠিত থাকলেও একটি নতুন সহস্রাব্দকে শতধারা আনন্দে বরণ করার প্রস্তুতি নিচ্ছিল সবাই। চারদিকে যখন আনন্দ আর আতঙ্কের এমন আবহ তখন বিজ্ঞানবিশ্ব তৈরি হচ্ছিল অভাবনীয় এক খবর নিয়ে। প্রায় ১০ বছরের নিবিড় গবেষণায় বিজ্ঞানীরা উদ্ঘাটন করেন মানব জিনোম নকশা। ২০০০ সালের জুন মাসে প্রথমবারের মতো প্রকাশ করা হয় এ নকশার খসড়া। এ বছর এক দশক পূর্ণ হলো মানব জিনোম উদ্ঘাটনের। কী স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এক অনন্য বিজ্ঞানযাত্রা। আর ১০ বছর পর তার কতটুকু অর্জিত হয়েছে—বিজ্ঞানবিশ্বসহ সর্বৎর এখন তা আলোচ্য বিষয়। স্বপ্ন আর স্বপ্ন পূরণের পথের কাহিনি শোনাচ্ছেন মুশতাক ইবনে আয়ুব২৬ জুন ২০০০। তখনকার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হোয়াইট হাউসের সম্মেলনকক্ষে দাঁড়ানো। তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছেন তখনো পৃথিবীর মানুষের কাছে যথেষ্ট অপরিচিত দুজন বিজ্ঞানী— ফ্রান্সিস কলিন্স এবং ক্রেইগ ভেন্টার। বিল ক্লিনটনের হাতে একটি মানচিত্র। তবে কোনো ভূ-ভাগ নয়, নয় সমুদ্রগভীরের কোনো অজানা রাজ্যের খবর কিংবা মহাবিশ্বের নক্ষত্রমালার কোনো নতুন বিন্যাসতত্ত্ব। ক্লিনটনের হাতে মানুষের নিজের জীবনের নীলনকশা তথ্য। আর এ তথ্য তাঁর হাতে তুলে দিয়েছেন ফ্রান্সিস কলিন্স এবং ক্রেইগ ভেন্টার।কী এই জিন-নকশাপৃথিবীর জীবজগতের বিপুল বৈচিত্র্যের মধ্যেও একটি অনন্য ঐক্যের জায়গা আছে। তাদের জীবন পরিচালনার সব তথ্য বহন করছে একই রকমের যৌগ ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিড এসিড)। ডিএনএ জীবের জৈবনিক সব তথ্য ধারণ করে। আর জীবের এই অসাধারণ ঐক্যসাধনকারী ডিএনএ হচ্ছে এক ধরনের পলিমার যৌগ যার গাঠনিক একক হচ্ছে—নিউক্লিওটাইড। মোট চার ধরনের নিউক্লিওটাইড রয়েছে— এটিপি, জিটিপি, সিটিপি ও টিটিপি। এ নিউক্লিওটাইডগুলোর চারটি ধরন নিশ্চিত করেছে চার ধরনের নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেনীয় ক্ষারের উপস্থিতি। এদের নাম যথাক্রমে এডিনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) ও থাইমিন (T)। সংক্ষেপে নিউক্লিওটাইডগুলোকে এই বেসগুলোর নামেই ডাকা হয়।ডিএনএ গঠনগত দিক থেকে একটা প্যাঁচানো সিঁড়ির মতো, দ্বিসূত্রক। ডিএনের দুটি সূত্রককে পরস্পরের সঙ্গে ধরে রাখে উল্লিখিত চার ধরনের বেস। সম্পূরক গঠনের বেসগুলো পরস্পরের সঙ্গে জোড় বেঁধে ডিএনের দ্বিসূত্রক গঠনের স্থায়িত্ব নিশ্চিত করে। যেমন—একটি সূত্রকের দুটি বেস মিলে হয় বেস পেয়ার বা ক্ষারযুগল। একটি জীবের জিনোম বা জিন-নকশা বলতে তার সব ডিএনের এই বেস পেয়ারগুলো কীভাবে সজ্জিত আছে তা বোঝায়। ডিএনের একটি সূত্রকের মধ্যে বেসগুলোর ধারাবাহিক সজ্জাকে বলা হয় বেস সিকুয়েন্স বা বেস অনুক্রম।মানুষের জিনোমে প্রায় তিন বিলিয়ন (৩০০ কোটি) বেস পেয়ার আছে। এই বেস পেয়ারগুলোর মধ্যেই নিহিত আছে মানব জীবনের নীলনকশা। ১৯৯০ সালে পৃথিবীর সেরা জিন গবেষণাগারগুলো ঐক্যবদ্ধ উদ্যোগ নেয় মানব জিনোমের তথ্য উদ্ঘাটনের, যার নাম দেওয়া হয় হিউম্যান জিনোম প্রজেক্ট। উদ্যোগ নেওয়ার ১০ বছরের মাথায় নতুন সহস্রাব্দের শুরুতে প্রকাশ করা হয় মানব জিনোমের খসড়া নকশা। এত দ্রুত এই লক্ষ্য অর্জিত হবে তা প্রায় অভাবনীয় ছিল শুরুতে। কী জাদুমন্ত্রে এই অসাধ্য সাধন হয়েছিল তা যেমন মজার, তেমনি কৌতূহলোদ্দীপক।শত্রুতায় শুরু, সাফল্যে সমাপ্তিহিউম্যান জিনোম প্রজেক্ট ছিল একটি গণ-অনুদাননির্ভর প্রকল্প। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং ডিপার্টমেন্ট অব এনার্জির তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের পরিচালক ছিলেন ড. ফ্রান্সিস কলিন্স। কলিন্স যখন এই দায়িত্বভার গ্রহণ করেন, তখন তাঁর হাতে প্রথাগত সিকুয়েন্সিং প্রযুক্তির বাইরে তেমন কিছু ছিল না। ফলে তিনি ভেবেছিলেন ২০০৫ সালের আগে মানব জিনোমের খসড়া প্রকাশ সম্ভব হবে না। সাধারণত একটি প্রকল্প শেষ করার যে সময় নির্ধারণ করা হয়, বাস্তবে তার চেয়েও বেশি সময় ব্যয় হয়। কিন্তু হিউম্যান জিনোম প্রজেক্টের বেলায় ঘটল তার উল্টোটা। আর এই ব্যতিক্রম ঘটনার পেছনে যাঁর অবদান সবচেয়ে বেশি তিনি ড. ক্রেইগ ভেন্টার।গণ-অনুদানে পরিচালিত মানব জিনোম প্রকল্প যখন এগিয়ে যাচ্ছিল কচ্ছপ গতিতে তখন ১৯৯৮ সালে হঠাৎ দৃশ্যপটে হাজির হন ক্রেইগ ভেন্টার। সেলেরা জেনোমিকস নামের একটি প্রাইভেট গবেষণা প্রতিষ্ঠান থেকে ঘোষণা দেন, তিনি এমন কৌশল আবিষ্কার করেছেন যার মাধ্যমে হিউম্যান জিনোম প্রজেক্টের অনুমিত সময়ের আগেই অনেক অল্প খরচে তিনি মানব জিনোম সিকুয়েন্স করতে পারবেন।ভেন্টার ১৯৯০ সালের কিছুটা সময় কলিন্স পরিচালিত মানব জিনোম প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বিশেষ করে এই প্রকল্পের প্রথম পরিচালক জেমস ডি ওয়াটসন (যিনি ডিএনের গঠন আবিষ্কর্তাদের একজন) এবং পরবর্তী সময়ে ফ্রান্সিস কলিন্সের সঙ্গে বনিবনা না হওয়ায় ভেন্টার এই প্রকল্প ত্যাগ করেন। গঠন করেন সেলেরা জেনোমিকস। এভাবে একসময়ের সহকর্মী এই দুই দিকপাল বিজ্ঞানী পরস্পরের ঘোরতর প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন। কোনো কোনো ক্ষেত্রে সেটা শত্রুতায় গিয়ে পৌঁছে।প্রথাবিরোধী ভেন্টারের নাটকীয় ঘোষণা হইচই ফেলে দেয় কলিন্স পরিচালিত জিনোম প্রকল্পে। শুরু হয় পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। ভেন্টার উদ্ভাবিত ‘শটগান সিকুয়েন্সিং পদ্ধতি’ অনেক দ্রুত জিনোম সিকুয়েন্স করতে পারলেও এর ভুলত্রুটির মাত্রা ছিল বেশি। অপরদিকে ফ্রান্সিস কলিন্সের প্রথাগত ক্লোনভিত্তিক পদ্ধতি শ্লথ গতির হলেও এর শুদ্ধতা ছিল বেশি। ভেন্টারের ঘোষণার পর দুই পক্ষই তাঁদের নিজ নিজ সীমাবদ্ধতাকে অতিক্রম করার আপ্রাণ চেষ্টা চালান। এই প্রতিযোগিতার কারণেই অনুমিত সময়ের অনেক আগেই সমাপ্ত হয় মানব জিনোমের খসড়া নকশা উদ্ঘাটনের কাজ। বিজ্ঞানবিশ্ব দুই বিজ্ঞানীকেই স্বীকৃতি দেয় এই সাফল্যের জন্য। শত্রুতা থেকে যে যাত্রা শুরু হয়েছিল, তা শেষ হলো অভাবনীয় এক সাফল্যে।প্যাটেন্ট পাচালিমানব জিনোম নকশার অন্যতম পুরোধা ক্রেইগ ভেন্টার। এই বিজ্ঞানী প্রথমে চেষ্টা করেছিলেন সেলেরা জেনোমিকস কোম্পানির পক্ষে তাঁর গবেষণা থেকে বৈশিষ্ট্যায়িত মানব জিনগুলোকে প্যাটেন্ট করার। অনেক বাধাবিপত্তি পেরিয়ে ১৫০টি জিনের প্যাটেন্টও করে ফেলে সেলেরা। তবে ক্রেইগ ভেন্টারের প্রচেষ্টা ছিল জিন প্যাটেন্টবিষয়ক ইস্যুর একটা সুরাহা করা, যা শেষ পর্যন্ত অর্জিত হয়েছে। ২০০০ সালে বিল ক্লিনটন যখন মানব জিনোম নকশা ঘোষণা করেন, তখন তিনি এও বলে দেন যে মানুষের জিন জিম্মি করে ব্যবসায়ী স্বার্থসিদ্ধ চলবে না। এ কারণে মানব জিন-নকশা সবার জন্য উন্মুক্ত। বিশ্বব্যাপী ওপেন সোর্স দর্শনের এটি একটি বড় বিজয়। শুরুর স্বপ্নমানব জিনোম প্রকল্প শুরু হয়েছিল নিজের সম্বন্ধে জানার ব্যাপারে মানুষের চিরন্তন আকুতি থেকে। ২০০০ সালে যখন এ লক্ষ্য অর্জনের প্রাথমিক ধাপ অর্জিত হয়, তখন কী ভেবেছিলেন এ গবেষণার কর্ণধারেরা? ফ্রান্সিস কলিন্স বলেছেন, তাঁর স্বপ্ন ছিল মানব জিনোম প্রকল্প থেকে প্রাপ্ত ফলাফল কয়েক ডজন জেনেটিক রোগ শনাক্তকরণের পথ উন্মুক্ত করবে, প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা প্রদানকারীরা জেনেটিক মেডিসিন ব্যবহার শুরু হবে, জেনেটিক তথ্যের ওপর ভিত্তি করে মানুষে মানুষে যাতে প্রভেদ না করতে পারে সে লক্ষ্যে আইন প্রণীত হবে। ২০১০ সালে এসে কলিন্স মনে করেন, তাঁর সেই ধারণার অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে।আরও এক দশক পরে মানব জেনোম সিকুয়েন্স শেষ হওয়ার পর এখন সেটার বিশ্লেষণেই মনোযোগ সবার। এ পর্যন্ত প্রায় ২৫ হাজার জিনের বৈশিষ্ট্যায়ন করা হয়েছে এ জিনোম তথ্য ব্যবহার করে। আরও বিশদ বিশ্লেষণের জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। বদলে যাচ্ছে পুরোনো অনেক ধ্যানধারণা। এ পরিবর্তিত ভাবনার আলোকে আগামী দশকটি কেমন হবে? এ প্রশ্নের জবাবে ক্রেইগ ভেন্টার মন্তব্য করেন, খুব শিগগিরই জিনোম সম্পর্কিত তথ্যাদি মানুষের ব্যবহার্য পণ্যে পরিণত হবে। আরও দ্রুতগতির সিকুয়েন্সিং প্রযুক্তি চলে আসবে হাতের নাগালে। বর্তমান যে সমস্যা রয়েছে সেগুলো কেটে যাবে। ব্যক্তিগত জেনোমিকসকেন্দ্রিক ধারণা যা এখন শিশু পর্যায়ে আছে শিগগিরই তা পরিণত বয়সে উপনীত হবে। তখন শুধু ব্যক্তির এক ধরনের জিনোম তথ্যই নয় বরং একই ব্যক্তির বিভিন্ন অবস্থায়, বিভিন্ন অঙ্গভিত্তিক জিনোম সিকুয়েন্সিং সম্ভব হবে। এসব অর্জনের জন্য করণীয় সম্বন্ধে অতীত থেকে নেওয়া পাঁচটি শিক্ষাকে সামনে রাখতে বলছেন ফ্রান্সিস কলিন্স। তাঁর মতে, জিনোম তথ্য ব্যবহারের সুবিধা ভোগ করতে হলে অবশ্যই এ সম্পর্কিত গবেষণার ফল তাত্ক্ষণিকভাবে সবার জন্য সহজলভ্য করতে হবে। দ্বিতীয়ত, জিনোম সিকুয়েন্সকে আরও দ্রুত করার জন্য প্রযুক্তিগত উত্কর্ষ অব্যাহত রাখতে হবে। তৃতীয়ত, জেনেটিক তথ্যের সঙ্গে পরিপার্শ্বের যে আন্তঃক্রিয়া তা উদ্ঘাটনের প্রকল্প আরও জোরদার করতে হবে। চতুর্থত, জেনেটিক মেডিসিনের সুফল পেতে হলে সরকারি-বেসরকারি অংশীদারের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। পঞ্চমত, জেনেটিক তথ্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণ করতে হবে।যেতে হবে বহু দূরমানব জিনোম নকশা মানুষের অনেক প্রশ্নের জবাব দিয়েছে। কিন্তু একই সঙ্গে বহুগুণ গুরুত্বপূর্ণ অনেক নতুন জিজ্ঞাসার জন্মও দিয়েছে। জিনোম তথ্য জানা গেলেই জীবনের রহস্য উদ্ঘাটন হবে এমন ধারণার বোকার স্বর্গ থেকে বিজ্ঞানীদের আবার মাটিতে নামিয়ে এনেছে মানব জিনোম তথ্য। প্রযুক্তিগত উত্কর্ষের সঙ্গে জিনোম তথ্যের যে মহাপ্লাবন শুরু হয়েছে তার সামনে বর্তমান বিশ্লেষণী যন্ত্রগুলো অসহায়। যেমন—সুস্থ ও রোগাক্রান্ত ব্যক্তির কয়েক হাজার জিনগত ও বাহ্যিক বৈশিষ্ট্যের পার্থক্য বিশ্লেষণ করার জন্য যে পরিমাণ তথ্য নিয়ে কাজ করা দরকার তা সামলানোর ক্ষমতা নেই এখনকার সবচেয়ে ক্ষমতাধর কম্পিউটারের। ক্রেইগ ভেন্টার যেমন আশা করছেন, বর্তমানের চেয়ে ১০০০ গুণ বেশি ক্ষমতার কম্পিউটার হয়তো তাদের চাহিদাকে পূরণে সক্ষম হবে।জিনোমের তথ্য জানা শেষ। এবার তাঁর পরবর্তী যুগ শুরু। সেই নতুন যুগে এসে ভেন্টারের মতো সাহসী বিজ্ঞানীর মুখেও ধ্বনিত হচ্ছে—দ্য জিনোম রেভুল্যশন ইজ ওনলি জাস্ট বিগিনিং। কী আছে এই বিপ্লবের শেষ পটে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক দশক।