মানবতাবিরোধী অপরাধ করিনি: মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ রোববার ধানমন্ডির সেফ হোমে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল পৌনে নয়টার দিকে তাঁকে নারায়ণগঞ্জ কারাগার থেকে সেফ হোমে নিয়ে যাওয়া হয়।জিজ্ঞাসাবাদে মুজাহিদ স্বীকার করেছেন, মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। তবে তিনি বলেছেন, এসব অপরাধের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা সানাউল হক সাংবাদিকদের এ কথা জানান। আগামী মঙ্গলবার সেফ হোমে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে।এর আগে বেলা পৌনে ১১টার দিকে তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগে মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে সেসব তথ্য পাওয়া যাবে, সেগুলো মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হবে।তদন্ত সংস্থা মুজাহিদকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। ধানমন্ডির ১৬ নম্বর সড়কের (পুরাতন ২৭ নম্বর) ২০/এ বাড়িতে (সেফ হোম) তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।মুজাহিদের আইনজীবী ও কেন্দ্রীয় কারাগারের একজন চিকিত্সক মুজাহিদকে জিজ্ঞাসাবাদ কক্ষের পাশের কক্ষে অবস্থান করছিলেন। দুপুরে খাওয়া ও নামাজের জন্য আধা ঘণ্টার বিরতি দেওয়া হয়। ওই সময় চিকিত্সক আবার মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা করেন। দুপুরে বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।এর আগে ৫ মে একই অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।