মানবতাবিরোধী অপরাধ বিচারে তিনটি রিটই খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট সংবিধানের প্রথম সংশোধনী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাতটি বিধান চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। আজ সোমবার সকালে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক রিট আবেদনটি ফেরত নেওয়ার আবেদন জানালে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উপস্থাপন করা হয়নি বিবেচনায় খারিজ করে দেন। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রশ্নে করা এ নিয়ে তিনটি রিট আবেদনই উচ্চ আদালত খারিজ করে দিলেন।জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা ১৬ আগস্ট হাইকোর্টে এই রিটটি করেছিলেন। রিটে জামায়াতের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা প্রথম মামলার (বিবিধ) কার্যক্রমের বৈধতাও নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাতটি ধারা ও উপধারার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদে হাইকোর্টের দুই বিচারপতির দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত সমর্থক আইনজীবী নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী বাদী হয়ে হাইকোর্টে রিট (ক্যুয়ো ওয়ারেন্টো) করেছিল। গত ২৮ জুলাই হাইকোর্ট তা খারিজ করে দেন।এদিকে নয়াদিল্লি চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধবন্দীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে গতকাল রোববার হাইকোর্টে যে রিট করা হয়েছিল, তাও খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।