মানবতাবিরোধী অপরাধ বিচারে পাকিস্তান হস্তক্ষেপ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনোই নাক গলাবে না পাকিস্তান। এ ছাড়া ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না দেশটি।পাকিস্তান সরকারের এ বার্তা আইনমন্ত্রী শফিক আহমেদকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন পাকিস্তানের হাইকমিশনার।আইনমন্ত্রী শফিক আহমেদ এ প্রসঙ্গে বলেছেন, পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের বার্তা এবং দেশটির অবস্থান অবশ্যই ইতিবাচক। তিনি বলেন, বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তান ঘিরে যেসব প্রচার চলছে, তা ঠিক নয় বলে হাইকমিশনার জানিয়েছেন। তিনি এও বলেছেন, পাকিস্তান স্বীকার করে একাত্তরে তারা ভুল করেছে, আর বাংলাদেশ যা করতে যাচ্ছে, তা সঠিক।পাকিস্তানের কাছে ১৯৭১ সালের যেসব তথ্য ও উপাত্ত রয়েছে, তা দিয়ে বাংলাদেশকে সহায়তা করার কথা পাকিস্তানকে জানানোর কথা বলেন আইনমন্ত্রী।এর আগে গত মাসে আইনমন্ত্রী শফিক আহমেদ দুটি পৃথক অনুষ্ঠানে বলেছিলেন. মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় পাকিস্তানের সমর্থন নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, পাকিস্তানের মনোভাব পরিবর্তন হয়েছে।এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, তিনি বাংলাদেশে নতুন, এ জন্যই মূলত আইনমন্ত্রীর সঙ্গে পরিচিত হতে এসেছিলেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পাকিস্তান সম্মান করে। এ বিচার বাংলাদেশের নিজস্ব বিষয়। এ বিষয়ে পাকিস্তানের কোনো বক্তব্য নেই।বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে কোনো মন্তব্য করবে না।এদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘এসিড নিয়ন্ত্রণ সম্পর্কিত’ এক সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, কোনো হুমকিতে ভয় পেয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করবে না সরকার। এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় অনেক বাধা এসেছে। কিন্তু সরকার থেমে থাকেনি। মানবতাবিরোধী অপরাধের বিচার করতেও সরকার কাউকে ভয় পাবে না, থেমেও থাকবে না।