মানবতাবিরোধী অপরাধী তালিকায় নিজামী-মুজাহিদ-সাঈদীর নাম আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার গ্রেপ্তারের বিষয়টি মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত তদন্ত সংস্থার মামলার সঙ্গে সম্পর্কিত নয়। ওই অপরাধে তাঁদের গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ এখনো প্রস্তুত হয়নি। তবে তদন্ত সংস্থার তালিকায় তাঁদের নাম রয়েছে। আজ বুধবার দুপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবদুর রহিম এসব তথ্য জানান।পুরোনো হাইকোর্ট ভবনে তদন্ত সংস্থার নিজস্ব কার্যালয়ে আবদুর রহিম বলেন, ‘নিজামী, মুজাহিদ ও সাঈদীর গ্রেপ্তারের ঘটনা আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। এটি আমাদের মামলার সঙ্গে সম্পর্কিত নয়।’তদন্তের অবস্থা কী পর্যায়ে আছে, এমন প্রশ্নের জবাবে আবদুর রহিম বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে, গ্রেপ্তারের পর্যায়ে আসেনি। যখন পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগৃহীত হবে, তখন আইন অনুযায়ী তাঁদের গ্রেপ্তার করা হবে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনটি ভিন্ন। প্রচলিত আইনের সঙ্গে তার মিল নেই। ওই আইনে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) করা যায় না। তিনি জানান, চিহ্নিত যুদ্ধাপরাধীরা কড়া নজরদারিতে রয়েছে।মানবতাবিরোধী অপরাধীদের তালিকা প্রশ্নে আবদুর রহিম বলেন, কাজ শুরুর পর তালিকা তৈরি করা হয়েছে। উচ্চপর্যায়ের ২০-২৫ রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম তালিকায় আছে। অপরাধীদের গ্রেপ্তার করার প্রশ্নে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা ট্রাইব্যুনালের নির্দেশের জন্য অপেক্ষা করব। গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ এখনো সংগ্রহ হয়নি। তিনজনকে গ্রেপ্তারে সংস্থার কাজে সমস্যা হচ্ছে না। কারণ তাঁদের গ্রেপ্তারের সঙ্গে তদন্তকাজের গতির মিল নেই।’আগামী সপ্তাহে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী তদন্ত সংস্থায় যোগ দেবে বলেও জানান আবদুর রহিম।