জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসা পঞ্চম শ্রেণীর ছাত্রী রূপা রুমানা বলল, ‘আমার দাদাকে মেরেছিল যে রাজাকাররা, আমি চাই তাদেরও বিচার হোক।’মুক্তিযুদ্ধে বিজয়ের ৪১তম বর্ষপূর্তিতে গতকাল রোববার জাতীয় পতাকার রঙে সেজে স্মৃতিসৌধে এসেছিল রূপা। হাতে ছিল ফুল। রূপার বাবা বাগেরহাটের আরমান হোসেনের কাছ থেকে জানা গেল, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন বলে তাঁর বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে নদীর তীরে মেরে ফেলে রাখা হয়েছিল।বিজয়ের চার দশক অতিক্রান্ত হয়েছে, বিচার হয়নি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতার সহযোগী রাজাকার-আলবদরদের। তবে বহু দেরিতে শুরু হওয়া বিচার প্রক্রিয়া একটি পর্যায়ে এসেছে। এই প্রেক্ষাপটে দ্রুত একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার শেষ করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি ছিল জাতীয় স্মৃতিসৌধে আসা লাখো মানুষের। দেশজুড়ে কোটি কণ্ঠে উচ্চারিত হয়েছে একই কথা।মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবিই ছিল এবারের বিজয় দিবসের সব আয়োজনের প্রধান প্রতিপাদ্য।ষোলোই ডিসেম্বর উপলক্ষে খুব সকাল থেকেই মানুষের ভিড় ছিল জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এসেছিলেন একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম মুজতবা বিজয় দিবসের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলার রায় না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শিগগির শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।গতকাল সাভার থেকে শাহবাগ, শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান, শহীদ মিনার থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর—সর্বত্র ছিল লাল-সবুজের জয়জয়কার। গোটা রাজধানী পরিণত হয়েছিল উৎসবের নগরে। আবালবৃদ্ধবনিতা লাল-সবুজে সজ্জিত হয়ে পথে নেমেছিলেন জাতির সবচেয়ে গৌরবময় অর্জনের দিনটি উদ্যাপনের জন্য। ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবর, চন্দ্রিমা উদ্যান, জাতীয় সংসদ ভবন এলাকায় হয়েছে নানা অনুষ্ঠান। রাজধানীর পথে পথে ব্যান্ড বাজিয়ে, গলা ছেড়ে দেশের গান গেয়ে, স্লোগানে স্লোগানে আশপাশ সচকিত করে তরুণেরা প্রাণস্পন্দিত করে রেখেছিলেন বিজয়ের এ দিনটিকে। গোটা দেশই এভাবে নানান উৎসব আয়োজনে উদ্যাপন করে বিজয় দিবস।গতকাল রাজধানীর যানবাহন, ঘরবাড়ি, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠানে উড়েছে নানা আকারের অগণিত জাতীয় পতাকা। মোড়ে মোড়ে বিভিন্ন সংগঠন আয়োজন করেছে অনুষ্ঠানের। তরুণ-তরুণীরা দল বেঁধে নেমেছিলেন পথে। নারীদের পরনে প্রাধান্য পেয়েছে লাল-সবুজ শাড়ি আর সালোয়ার-কামিজ। পুরুষদের পাঞ্জাবি, টি-শার্ট বা ফতুয়া। সবকিছুতেই ছিল জাতীয় পতাকার ছোঁয়া। কারও মাথায় ছিল জাতীয় পতাকার ছাপ দেওয়া ব্যান্ড, তার মধ্যে কেউ কেউ গুঁজে দিয়েছেন সরু কাঠির সঙ্গে লাগানো পতাকা। বাহুতে, চিবুকেও একই নকশা এঁকেছেন বহুজন।জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা: রাত ১২টার পরপর ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উদ্যাপনের কার্যক্রম। ভোরের আলো না ফুটতেই শুরু হয় সাভারে জাতীয় স্মৃতিসৌধের দিকে মানুষের ঢল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া স্মৃতিসৌধে ফুল দিয়ে চলে যাওয়ার পরও কুয়াশার চাদরে মোড়া ছিল চারপাশ। কুয়াশা ও শীত উপেক্ষা করেই শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ক্রমে ভরে ওঠে।এই শান্ত, ভাবগম্ভীর পরিবেশের মধ্যে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা বাঁশের লাঠি হাতে স্মৃতিসৌধের আশপাশে অবস্থান নিলে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সাংসদ তালুকদার মো. তৌহিদ জংয়ের কর্মীরা ছিলেন প্রধানমন্ত্রী আসার আগে থাকতেই। স্মৃতিসৌধে আসা অসংখ্য মুক্তিযোদ্ধার একজন হারুনুর রশীদ কথা প্রসঙ্গে বললেন, আসছে স্বাধীনতা দিবসের আগেই মানবতাবিরোধী অপরাধের বিচার দেখতে চান তিনি। সেক্টর ৬-এর অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই মুক্তিযোদ্ধা আশঙ্কা প্রকাশ করেন, সরকার বদলালে চলমান বিচার বাধার মুখে পড়তে পারে। তিনি বলেন, ‘দেরিতে হলেও বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, আশা করি তারা তা শেষও করে যাবে।’একই দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের সন্তানেরা। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনটি বিচারের দাবিতে স্মৃতিসৌধের বেদির পাশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমন রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমির এবং বিএনপির দুই নেতাসহ যে ১১ জনের মামলা চলছে, ইতিমধ্যে সেগুলোর কয়েকটি শেষ পর্যায়ে পৌঁছেছে বলে শুনেছি। কাজেই আমরা আশা করছি, ছাব্বিশে মার্চের আগেই মামলার রায় ঘোষিত হবে।’এ ব্যাপারে জানতে চাইলে গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানোর প্রধান দিকটিই হলো যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা।’ যাঁরা বিচারপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় আগামী বিজয় দিবসের আগেই বিচারের রায় হবে বলে নিশ্চয়তা দেন। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, রায় কার্যকরেও দীর্ঘসূত্রতা পরিহার করা যাবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ছয়টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, মুক্তিযোদ্ধা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবার স্মৃতিসৌধে যাননি।সকাল সাতটা ২৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় নেতাদের নিয়ে স্মৃতিসৌধে আসেন। স্মৃতিসৌধের অদূরে বিএনপির স্থানীয় নেতা ও সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন, সাভারের পৌর মেয়র মো. রেফাতুল্লাহ, কাউন্সিলর খোরশেদ আলম ও মেজর (অব.) মিজানুর রহমানের সমর্থকেরা খালেদা জিয়াকে পৃথকভাবে শুভেচ্ছা জানান।প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা চলে যাওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা লাঠি হাতে মহড়া দেন। উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিতে থাকে।স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান। এখানে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করেন, সকালে খালেদা জিয়া যাতে সময়মতো স্মৃতিসৌধে পৌঁছাতে না পারেন, সে জন্য তাঁর গাড়ি প্রায় ৪০ মিনিট আটকে রাখে পুলিশ।বিরোধী দলের নেতা স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পর দুই দলের মুখোমুখি হওয়া নেতা-কর্মীরা চলে যান। সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ জনতার ঢল নামে স্মৃতিসৌধে। তাঁদের হাতে ছিল ‘বিজয় দিবস অমর হোক’, ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’, ‘রাজাকারমুক্ত দেশ চাই’ ইত্যাদি লেখাশোভিত ব্যানার ও ফেস্টুন। সবার মুখে ছিল স্লোগান, কেউ কেউ গাইছিলেন দেশের গান।অন্যান্য অনুষ্ঠান: সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ১০টায় বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সারা দিনই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ট্রাকে শহরব্যাপী শোভাযাত্রা করে। অনেক সাংস্কৃতিক সংগঠন ট্রাকে মঞ্চ বানিয়ে ভ্রাম্যমাণ অনুষ্ঠান করে। বিভিন্ন সংগঠন এবং অনেকে ব্যক্তিগতভাবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাড়িটিতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও দর্শনার্থী ছিল অনেক। এ ছাড়া দুপুরের পর থেকেই মানুষের ঢল নেমেছিল শহরের উৎসব কেন্দ্রগুলোতে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় বিজয় দিবসের কুচকাওয়াজ। এবার কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য সংযোজিত ট্যাংক এমবিটি-২০০০। চতুর্থ প্রজন্মের এই ট্যাংকবহরের কয়েকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানিয়ে প্যারেড অতিক্রম করে। এ ছাড়া ছিল বিমানবাহিনীর আকর্ষণীয় মহড়া। সরকারি কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল, কারাগার, এতিমখানাগুলোতে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছিল। মসজিদে মসজিদে আলাদা মিলাদ ও দোয়া মাহফিল করে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের সমৃদ্ধি কামনা করে হয় বিশেষ দোয়া। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দেশের জন্য প্রাণদানকারী বীর সন্তান ও হারানো স্বজনদের আত্মার শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।