মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাঈদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আজ সোমবার থেকে তাঁর আনুষ্ঠানিক বিচার শুরু হলো বলে জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ শাহীনুর ইসলাম। ৩০ অক্টোবর থেকে তাঁর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া শুরু হয়। ট্রাইব্যুনাল প্রথমে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও আসামি পক্ষের আইনজীবী—দুই পক্ষের বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন। পরে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগ পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল সাঈদীর কাছে জানতে চান, তিনি নির্দোষ না দোষী। এ সময় তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। নিজেকে তিনি নির্দোষ দাবি করেন। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁর বিচার করা হচ্ছে বলে তিনি বলেন।এর পরে ট্রাইব্যুনাল ৩০ অক্টোবর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করেন। ওই দিন থেকে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হচ্ছে। আদেশে আরও বলা হয়, ৩০ অক্টোবর থেকে প্রতি কার্যদিবসে বিচারকাজ চলবে। এ সময়ের মধ্যে আসামি পক্ষের আইনজীবীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।