জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, স্থানীয় চেয়ারম্যানদের প্রধান করে একাত্তরে রাজাকার বাহিনী গঠিত হয়েছিল। সে সময় জামায়াত থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন না। সবাই ছিল আওয়ামী লীগ ও মুসলিম লীগ থেকে নির্বাচিত। সুতরাং, মানবতাবিরোধী অপরাধের বেশির ভাগ দায়-দায়িত্ব আওয়ামী লীগ ও মুসলিম লীগের।আজ শনিবার জামায়াতের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াতসহ বিরোধী দলের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর কার্যালয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়।একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত কমিটি নিয়ে প্রশ্ন তুলে আজহারুল ইসলাম বলেন, তদন্ত কমিটির প্রধান ছিলেন পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। ছাত্র ইউনিয়ন ইসলামের শত্রু। সুতরাং তাঁকে প্রধান করে গঠিত কমিটি দিয়ে সঠিক তদন্ত ও বিচার হবে না। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ‘বিচারের নামে নাটক’ মঞ্চস্থ করা হচ্ছে। এ কারণে দেশের সুনির্দিষ্ট পাঁচটি জায়গায় তদন্ত দল পাঠানো হয়েছে।মহাজোট সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আজহার বলেন, ‘আমরা খুনের বদলা নেব। ক্ষমতার পালাবদল যখন হবে, তখন ভিডিও ফুটেজ দেখে ২০০৬ সালের ২৮ অক্টোবরের খুনিদের বিচার করা হবে।’আধুনিকায়নের নামে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করে জামায়াতের এই নেতা বলেন, ধর্মহীন শিক্ষাব্যবস্থা চাপিয়ে দেওয়া হলে মেনে নেওয়া হবে না।সমাবেশে ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমান আজাদ বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, বাকশাল কায়েম হয়েছে, গণতন্ত্রের বদলে চলছে লাঠিতন্ত্র।ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সরকারকে হুঁশিয়ার করে বলেন, যে অপরাধে জামায়াত নেতাদের সম্পৃক্ত করা হয়েছে, সে অপরাধের সঙ্গে তাঁদের দূরতম সম্পর্কও নেই। কেয়ামত পর্যন্ত তদন্ত করেও তাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে না।