মানবতাবিরোধী অপরাধের বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তদন্ত সংস্থার কাছে এক হাজার ৭৭৫ জনের অপরাধের প্রমাণ পেশ করেছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। গতকাল রোববার দুপুর পৌনে ১২টায় কমিটির আহ্বায়ক এম এ হাসান, চারজন সাক্ষীসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল তদন্ত সংস্থার সঙ্গে সাক্ষাত্ করে এই প্রমাণ ও তালিকা হস্তান্তর করে।এম এ হাসান প্রথম আলোকে জানান, তিনি ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এসব তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেন। প্রমাণ হিসেবে অডিও-ভিডিও রেকর্ড, ভুক্তভোগীর বর্ণনা, স্থানীয় সাক্ষী, সরকারি গোয়েন্দা প্রতিবেদন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান থেকে প্রকাশিত কিছু নথিপত্র, পাকিস্তান সেনাবাহিনীর কিছু নথিপত্র তদন্ত সংস্থাকে দেওয়া হয়েছে। একাত্তরের ২৫ মার্চের কিছু অডিও রেকর্ডও এর মধ্যে আছে।ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দেওয়া তালিকায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম রয়েছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতার নামও আছে বলে জানিয়েছেন এম এ হাসান।তাঁদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে—জানতে চাইলে প্রথম আলোকে হাসান বলেন, ‘কী অভিযোগ নাই বলুন। গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন, স্থান ত্যাগে বাধ্য করা, ভিটেমাটি থেকে উত্খাত, যৌন নির্যাতনসহ নানা ধরনের অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে।’আরেক প্রশ্নের জবাবে হাসান বলেন, নিজামীর বিরুদ্ধে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, খুন, নির্যাতন, মৃতদেহ খণ্ডবিখণ্ড করাসহ নয় ধরনের অভিযোগ রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই। আর মুজাহিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ কম আছে। তবে অন্য অনেক অভিযোগ রয়েছে।দুপুর ১২টায় তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিনের কাছে তথ্য-উপাত্ত পেশ করার পর এম এ হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে দুপুর পৌনে ১২টায় তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ট্রাইব্যুনালে আসে। এ সময় তাঁরা তদন্ত দলের হাতে তিনটি বাক্স ও একটি ছোট ড্রামে রাখা ২৬টি বই, বধ্যভূমির তালিকা ও মানচিত্র, নির্যাতিত ব্যক্তিদের ছবি, অপরাধীর ছবি, তালিকা, হত্যা-নির্যাতনের অডিও-ভিডিও, ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর প্রচারিত নির্দেশের অডিওসহ দৈনিক সংগ্রাম পত্রিকার কপিসহ কয়েকটি বিদেশি বই তুলে দেন।তদন্ত সংস্থার প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমরা তথ্যপ্রমাণ পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। তদন্তকাজে এসব বই, তথ্য-উপাত্ত ও দলিল অপরাধীদের অপরাধ উদ্ঘাটনে সহায়ক হবে।’ সেখানে তদন্ত সংস্থার সদস্যদের সঙ্গে কমিটির সদস্যরা ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকের পর হাসান সাংবাদিকদের বলেন, ২০০৮ সালের ৩ এপ্রিল এক হাজার ৭৭৫ জনের এই তালিকা তৈরি করা হয়। তালিকাটি পরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই যাচাই-বাছাই করে। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই তালিকার মাধ্যমে অনেকের অপরাধ প্রমাণ করা সম্ভব হবে। এই তালিকায় চিহ্নিত অপরাধীর নাম রয়েছে কি না, জানতে চাইলে এম এ হাসান বলেন, তালিকায় গোলাম আযম, নিজামী, মুজাহিদ, এ টি এম আজাহারসহ জামায়াতের অনেক নেতার নাম রয়েছে। তিনি বলেন, ‘আমরা যেসব প্রমাণ দিয়েছি, তা অকাট্য। বেঁচে আছেন এমন চার-পাঁচ শ ব্যক্তির অপরাধ প্রমাণ করা সম্ভব হবে।’সরকারি দলের কার কার নাম আছে, জানতে চাইলে এম এ হাসান বলেন, ‘এ মুহূর্তে নামগুলো বলতে চাইছি না। সরকার এসব নিয়ে কাজ করছে। তবে তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতা আছেন। অনেক লোক শয়তানি করে পরে আওয়ামী লীগে যোগ দিয়েছে।’বেলা দেড়টায় এম এ হাসান ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফের সঙ্গে সাক্ষাত্ করেন। প্রধান আইনজীবীর কাছে যুদ্ধ ও নারী, ’৭১-এর গণহত্যা ও যুদ্ধাপরাধসহ কয়েকটি বই ও আলবদর নামে একটি প্রামাণ্যচিত্রের সিডি তুলে দেন। বেলা দুইটায় সৌজন্য সাক্ষাত্ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে।এরপর এম এ হাসান সাংবাদিকদের বলেন, যুদ্ধের সময়কার অপরাধ মানবতাবিরোধী অপরাধ। এর বিচার কখনো তামাদি হয় না। এর বিচারের জন্য সরকারসহ সবার সহযোগিতা প্রয়োজন। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও সিলেটের হবিগঞ্জ থেকে চারজন সাক্ষীকে তদন্ত সংস্থার কাছে হাজির করা হয়েছে। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নিহত ব্যক্তিদের হাড়গোড়ের নমুনা ফেরত নেওয়া হয়েছে। তবে তদন্ত সংস্থার প্রয়োজনে এগুলো সরবরাহসহ সব ধরনের সহায়তা করা হবে বলে তিনি জানান।