একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শুরুর দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ১৯৭২ সালের সংবিধান ও জাতীয় চার মূলনীতি পুনঃপ্রবর্তনের দাবিও জানিয়েছে তারা। ১৮ ও ১৯ জুন বৃহস্পতি ও শুক্রবার জাতীয় সম্মেলন এবং মৌলবাদের বিরুদ্ধে ও বিশ্বশান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে ২০ জুন শনিবার আন্তর্জাতিক সম্মেলন করবে এই কমিটি।আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এ কথা জানান। নির্মূল কমিটির জাতীয় সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সম্মেলনের মূল দাবি থাকবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের কাজ দ্রুত শুরু করা। আমরা মনে করি, এই বিচারের কাজ আরও আগে শুরু করা যেত। আমরা সরকারের ওপর চাপ দেব, যেন এখনই বিচারের কাজ শুরু হয়।’বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি জানিয়ে কবীর চৌধুরী বলেন, ‘আইনমন্ত্রী বলেছেন, সরকার বাহাত্তর সালের সংবিধানে ফিরে যাবে। আমরা আশা করি, আইনমন্ত্রীর এই বক্তব্য দ্রুত বাস্তবায়িত হবে।’কবীর চৌধুরী বলেন, মৌলবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্মেলনটি হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। মৌলবাদ কেবল একটি দেশের নয়, এখন এটি সারা বিশ্বের সমস্যা। মৌলবাদের বীভত্সতা দিন দিন কোন পর্যায়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি আরও বলেছেন, সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে। মৌলবাদকে এখনই কঠোর হাতে দমন করতে হবে। মৌলবাদের বিকাশকে কীভাবে বন্ধ করা যায়, সে সম্পর্কে বিশ্বের গুণী ব্যক্তিরা এই সম্মেলনে কথা বলবেন। এই সম্মেলনে কানাডা, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসহ ১১টি দেশ থেকে প্রতিনিধিরা যোগ দেবেন।নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন জানান, আন্তর্জাতিক সম্মেলনে তিনটি পর্ব থাকবে। এক পর্বে বাংলাদেশের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার, দ্বিতীয় পর্বে উপমহাদেশ তথা বিশ্বে মৌলবাদের উত্থান এবং তৃতীয় পর্বে মৌলবাদের উত্থান, জঙ্গিবাদ ও মৌলবাদ দমনে নাগরিক সমাজের করণীয় নিয়ে কথা বলবেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা।নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি গোলাম রাব্বানী, সহসভাপতি ফেরদৌসী প্রিয়ভাষিনী, সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।