মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে জামায়াতে ইসলামীর আমিরসহ চার শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ এই নেতারা এখন অন্য মামলায় কারাগারে আটক আছেন। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বিচার-প্রক্রিয়া শুরুর প্রথম দিন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির আদেশ কার্যকর হয়েছে কি না, তা ২ আগস্ট ট্রাইব্যুনালকে অবহিত করতেও বলা হয় আদেশে। ৩৯ বছর আগে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য সরকার গত ২৫ মার্চ তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর ও এ কে এম জহির আহমেদ। গতকাল (সোমবার, ২৬ জুলাই ২০১০) প্রথমবার বিচারকেরা এ ট্রাইব্যুনালে শুনানি করেন ও আদেশ দেন। ট্রাইব্যুনাল গঠনের চার মাস পর আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হলো।গত বৃহস্পতিবার অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে জামায়াতের এই চার নেতাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন শাখায় আবেদন করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রোববার আবেদনটি ট্রাইব্যুনালে জমা দেন। শুনানি ও আদেশ: বিচারকক্ষের ঘড়িতে তখন সকাল সাড়ে ১০টা। এজলাসে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অপর দুই সদস্য। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের ডান পাশে বসেন বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং বাঁ পাশে এ কে এম জহির আহমেদ। এরপর শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ। ১৫ মিনিটের বেশি সময় শুনানি গ্রহণের পর পৌনে ১১টায় আদেশ দেওয়া শুরু করেন আদালত। আদেশে বলা হয়, ‘কার্যকর তদন্তের স্বার্থে এই চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত। তাই আবেদন মঞ্জুর করা হলো। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।’ তাঁদের বর্তমান ও স্থায়ী ঠিকানায়ও পরোয়ানা পাঠাতে বলা হয়। ১০টা ৫৫ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ দিয়ে এজলাস ত্যাগ করেন।শুনানির শুরুতে প্রধান কৌঁসুলি গোলাম আরিফ বলেন, ‘এ মুহূর্তে স্মরণ করছি অগণিত শহীদকে, যাঁদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। স্মরণ করছি শহীদ ভাইদের, যাঁরা মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন।’ এরপর গোলাম আরিফ বলেন, ‘একাত্তরে তাঁরা আন্তর্জাতিক অপরাধসমূহ (ট্রাইব্যুনালস) আইনের ৩(২) ধারায় উল্লিখিত অপরাধসমূহ করেছেন। এটা তদন্তকারী সংস্থার প্রতিবেদনে এসেছে। এ অপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ অব্যাহত আছে। এ জন্য তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা দরকার।’ গোলাম আরিফ আবেদন করার কারণ ব্যাখ্যা করে বলেন, ট্রাইব্যুনালের ১ নম্বর মামলায় চার নেতাকে আটক রাখার জন্য এ আবেদন। প্রধান কৌঁসুলি বলেন, ‘আমি আনন্দিত ও ধন্য এ ধরনের মামলা পরিচালনার সুযোগ পেয়ে।’ এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধির ৯(১) বিধির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। গোলাম আরিফ বলেন, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ট্রাইব্যুনাল প্রশ্ন রেখে বলেন, তাঁদের (জামায়াতের চার নেতা) বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আছে? কী অপরাধ? প্রধান কৌঁসুলি বলেন, তাঁরা একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বাহিনী হিসেবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সক্রিয় অংশ নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর জানতে চান, অপরাধ সংঘটনের স্থান কোথায়? জবাবে গোলাম আরিফ বলেন, দেশের বিভিন্ন স্থানে তাঁরা এ অপরাধ সংঘটনে সক্রিয় অংশ নিয়েছেন।চারজনই কারাগারে আছেন উল্লেখ করে আদালত জানতে চান, আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কী প্রয়োজন? জবাবে গোলাম আরিফ বলেন, এই অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়নি। অন্য মামলায় জামিনে তাঁরা যাতে মুক্তি পেয়ে যেতে না পারেন, সে জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আদেশ দেন।প্রধান কৌঁসুলি গোলাম আরিফসহ প্রসিকিউশন শাখার সদস্য, অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা ও মো. মমতাজউদ্দিন ফকির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সম্পাদক তুরিন আফরোজ, তদন্ত সংস্থার সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ এজলাস কক্ষে উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের কর্মীদের জন্য এজলাসে আলাদা বসার ব্যবস্থা রাখা হয়।আদেশের পর: গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, ‘আজ রেড লেটার ডে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অবদান রাখা গেছে।’ অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, চারজন যাতে বেরিয়ে যেতে না পারেন, সে জন্য এ মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মানবতাবিরোধী অপরাধ বিচারে যার কাছে যা তথ্য রয়েছে, তা দিতে আহ্বান জানান তিনি। তদন্ত সংস্থার সদস্য আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদন ২ আগস্টের মধ্যে দাখিল করতে সংশ্লিষ্ট পুলিশকে বলা হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর অভিযোগের বিষয়ে প্রতিবেদন প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়েছে। এখন প্রসিকিউশন পরবর্তী পদক্ষেপ নেবে।জামায়াতের বিবৃতি: উচ্চ আদালতে রিট চলাকালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ট্রাইব্যুনালে করা আবেদনটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। জামায়াতের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিযুক্ত বিচারকদের এখতিয়ার নিয়ে হাইকোর্টে রিটের শুনানি চলছে। রিট নিষ্পত্তির আগেই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু উদ্বেগজনক ও ন্যায়বিচারের পরিপন্থী।