মানবতাবিরোধী অপরাধের বিচার প্রতিরোধের আহ্বান জামায়াতের
মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের বিচার প্রতিরোধে আলেম-ওলামা, পীর-মাশায়েখসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গৃহীত এক প্রস্তাবে এই আহ্বান জানানো হয়। প্রস্তাবে দাবি করা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে।গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে নির্বাহী পরিষদের এ বৈঠক হয়।প্রস্তাবে বলা হয়েছে, ‘সরকার এত দিন পর্যন্ত যুদ্ধাপরাধের বিচারের কথা বললেও এখন মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা বলছে। জনগণ মনে করে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এখন তারা মানবতাবিরোধী অপরাধের বিচারের ধুয়া তুলছেন। কিন্তু নির্বাহী পরিষদ মনে করে, বিচারের নামে প্রহসনের নাটক করে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব হবে না।’প্রস্তাবে আরও বলা হয়, ‘যুদ্ধাপরাধী বিচার একটি মীমাংসিত বিষয়। স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান নিজেই ১৯৭৪ সালের ৯ এপ্রিল পাকিস্তান-ভারত-বাংলাদেশ ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে এর মীমাংসা করে গেছেন। এ চুক্তির ভিত্তিতে তালিকাভুক্ত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। সুতরাং ৩৯ বছর পর নতুন করে মহলবিশেষকে দিয়ে তথাকথিত যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাদের বেআইনিভাবে হয়রানি ও তাঁদের চরিত্র হনন করা হচ্ছে। বিচারের আগেই যুদ্ধাপরাধীর তালিকা তৈরির কোনো এখতিয়ার সরকারের বা অন্য কারও নেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তালিকার কথা বলেছেন এবং সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। দেশের সীমান্তে ও বিমানবন্দরে সেই তালিকাই সরবরাহ করা হয়েছে, যা মাননীয় আইনমন্ত্রীসহ বিশিষ্ট আইনজীবীদের দৃষ্টিতে বেআইনি, অসাংবিধানিক ও অনৈতিক।’প্রস্তাবে জামায়াতের নির্বাহী পরিষদ বলেছে, যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার জিঘাংসা চরিতার্থ করার জন্য হিংসা-বিদ্বেষ ও প্রতিশোধ গ্রহণের এক চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করছে। বিশেষ করে উগ্র ধর্মনিরপেক্ষতাবাদী ও বামপন্থীরা এ বিষয়টি কাজে লাগানোর জন্য যারপরনাই অপচেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্যই হলো জামায়াতসহ সব ইসলামি দল ও ইসলামি ব্যক্তিত্ব। তারা এ দেশ থেকে ইসলামি রাজনীতি সমূলে উৎপাটন করতে চায়।প্রস্তাবে দাবি করা হয়, ওই উগ্র ধর্মনিরপেক্ষতাবাদী ও বাম সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে জামায়াত নেতাদের নিজের ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, তাঁদের বসতবাড়ি, জমি-জমা, সম্পত্তি ইত্যাদি ক্ষেত্রেও হস্তক্ষেপ করে তাঁদের সমূলে নিশ্চিহ্ন করার জন্য সরকারকে উসকানি দিচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাবের কথা জানানো হয়।প্রস্তাবে জামায়াতের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে বলা হয়, সরকারের ১৫ মাসের সামগ্রিক ব্যর্থতা ঢাকতেই যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে জব্দ করার ষড়যন্ত্র করা হচ্ছে।