মানবতাবিরোধী অপরাধের বিচার প্রতিহতের আহ্বান জামায়াতের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার রুখতে আলেম-ওলামা, পীর-মাশায়েখসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গৃহীত এক প্রস্তাবে এই আহ্বান জানানো হয়।প্রস্তাবে দাবি করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে।আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে দলের নির্বাহী পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।প্রস্তাবে বলা হয়েছে, ‘সরকার এত দিন পর্যন্ত যুদ্ধাপরাধের বিচারের কথা বললেও এখন মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা বলছে। জনগণ মনে করে, রাজনৈতিক প্রতিক্ষকে ঘায়েল করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এখন তারা মানবতাবিরোধী অপরাধের বিচারের ধুয়া তুলছে। কিন্তু নির্বাহী পরিষদ মনে করে, বিচারের নামে প্রহসনের নাটক করে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব হবে না।’