মানবতাবিরোধী অপরাধের বিচার বিঘ্নিত করতে লবিস্ট নিয়োগ হচ্ছে
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, গত ৪০ বছরে যুদ্ধাপরাধীরা ক্ষমতার অংশীদার হয়ে অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন। তাঁরা এখন মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ বিঘ্নিত করতে মোটা অঙ্কের টাকা খরচ করে বিদেশি মধ্যস্থতাকারী (লবিস্ট) নিয়োগ দিচ্ছেন। তাঁরা প্রচারণা চালাচ্ছেন, এই অপরাধ-সম্পর্কিত আইনে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। তাঁদের এ প্রচারণা সত্য নয়; বিদ্যমান আইনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সুবিচার করতে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।আজ শনিবার সকালে সেক্টর কমান্ডারস ফোরাম—মুক্তিযুদ্ধ ’৭১-এর নতুন গঠিত নারী কমিটির অভিষেক অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যমান আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের যে সুযোগ আছে, আইন সংশোধনের মাধ্যমে তা বাতিলের দাবি জানান ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধাপরাধের যে বিচার হয়েছে বা হচ্ছে, তাতে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। অনেকে মানবতাবিরোধী অপরাধের বিচারকে অন্যায় বিচার বলছে। যারা এসব বলছে, তাদের বলছি, যুদ্ধাপরাধের বিচার যদি অন্যায় হয়, তবে আমরা এ অন্যায়টুকু করতে রাজি আছি।’ এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ম হামিদের সঞ্চালনায় কমিটির নারীনেত্রীদের শপথবাক্য পাঠ করান সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার। নেত্রীদের পরিচয় করিয়ে দেন ফোরামের মহিলাবিষয়ক সম্পাদক ফারজানা শাহনাজ মজিদ। সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত করতে প্রতিটি জেলায় একটি করে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।ফারজানা শাহনাজ বলেন, ‘আমরা চাই, দেশের সব নারীর দাবি হবে যুদ্ধাপরাধের বিচার। সে লক্ষ্যে জনমত গড়ে তোলা এবং এই দাবি জোরদার করার জন্য নারীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।’ নারী কমিটির সাধারণ সম্পাদক বুলবুল মহলানবিশ বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করেছেন বলে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। এই ভুল ধারণা নিরসনে নারী কমিটি সক্রিয় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব, নারী কমিটির সভাপতি জাকিয়া কে হাসান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন নতুন কমিটির নারীনেত্রী নাইমা খাতুন, নীলুফার বানু, নাসিমুন আরা হক, রওশন জাহান পারভিন, শিরিন বানু মিথিল, জেবা মাহমুদ, বনশ্রী ডলি, জুলিয়া আহমেদ প্রমুখ।