মানবতাবিরোধী অপরাধের বিচার সাজানো নাটক: জামায়াত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারকে সাজানো নাটক আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তিনি দাবি করেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলা সাজানো, মামলার সাক্ষীও সাজানো। এ অপরাধের বিচার বিশেষ ট্রাইব্যুনাল গঠনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।আজ রোববার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত সভায় মকবুল আহমাদ এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ পাঁচ নেতার মুক্তিসহ নানা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।মকবুল আহমাদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসের অভিযোগ না পেয়ে ৩৯ বছর আগের যুুদ্ধাপরাধের বিষয় নিয়ে এসেছে।...নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা আমাদেরকে লক্ষ্যভুক্ত করেছে। আমাদের যাঁরা পরিচ্ছন্ন ভাবমূর্তির লোক আছেন, তাদের বিচার করবেন আর জনগণ মেনে নেবে—এটা হবে না। আপনারা চক্রান্ত করছেন। এই খেলায় আপনারা জিততে পারবেন না।’মকবুল আহমাদ বলেন, এখন বলা হচ্ছে, গোলাম আযমের বিরুদ্ধে নাকি মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। অথচ গোলাম আযমের নাগরিকত্ব মামলায় আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন। তখন তাঁর বিরুদ্ধে একাত্তরে যেসব অভিযোগ করা হয়েছিল, তাঁর কিছুই প্রমাণ হয়নি।জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমরা সমাজে আল্লাহর আইন কায়েম করতে চাই। আল্লাহর আইন হলে সমাজে সবার কল্যাণ হবে। এতে আস্তিকেরা যেমন সুখে থাকবে, তেমনি নাস্তিকেরাও সুখে থাকবে।’বিশেষ অতিথি জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা সংসদে যেতে চাই। জনগণের কথা বলতে চাই। কিন্তু সরকার জনগণের কথা বলতে দেয় না। আওয়ামী লীগ বিরোধী দলকে সংসদে দেখতে চায় না।’ তিনি মানবতাবিরোধী অপরাধের তদন্তে ট্রাইব্যুনালের তদন্ত দলের কার্যক্রম বন্ধের দাবি জানান।